Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরির দাবিতে খড়্গপুর লোকাল থানার বিদ্যাসাগর শিল্পতালুকে কারখানার সামনে বিক্ষোভ

চাকরির দাবিতে খড়্গপুর লোকাল থানার বিদ্যাসাগর শিল্পতালুকে কারখানার সামনে বিক্ষোভ
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর লোকাল থানার বিদ্যাসাগর শিল্পতালুকে মঙ্গলবার সকালে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসী। এদিন সকাল থেকে একটি নির্মীয়মান রং কারখানার গেট আটকে বিক্ষোভ দেখানো হয়। ফলে বেশ কিছুক্ষণ শ্রমিকরা কারখানায় ঢুকতে পারেননি। মূলত খড়্গপুর লোকাল থানা এলাকারই ঘোলাগেড়িয়া, বড়ডিহা গ্রামের বাসিন্দারা এই বিক্ষোভে সামিল হন। বাসিন্দারা বলেন,  কারখানার জন্য আমরা ২০০৮ সালে সরকারকে জমি দিয়েছি। বলা হয়েছিল কারখানা হলে প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে। কিন্তু তা হচ্ছে না। আমাদের ছেলে মেয়েরা বেকার হয়ে বসে আছে। জমিও চলে গিয়েছে। আন্দোলনকারীদের পক্ষে গয়াপ্রসাদ দোলই বলেন, আমাদের বাড়িতেও অনেকে শিক্ষিত আছেন। তারা চাকরি পাচ্ছেন না। বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। আমাদের একটাই দাবি জমিদাতাদের পরিবারকে চাকরি দিতে হবে। খড়্গপুরের উপ শ্রম আধিকারিক তাপস দত্ত বলেন, যারা বিক্ষোভ দেখান তারা কারখানার কেউ নয়। জমিদাতা বলে শুনেছি। কারখানা কর্তৃপক্ষ বিষয়টা আমাদের জানিয়েছে। আন্দোলনকারীরা বিষয়টি ল্যান্ড লুজার কমিটিকে জানাতে পারে। আর আন স্কিল্ড অথবা সেমি স্কিল্ড শ্রমিক নিয়োগ করতে গেলে সরকারের কর্ম সংবাদ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে জমিদাতারা একটু অগ্রাধকিার পাবেন। আমরা কারখানা কর্তৃপক্ষকে এই বিষয়টি আন্দোলনকারীদের জানিয়ে দিতে বলেছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ