সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের (ডিপিএল) কয়েকজন মৃত অস্থায়ী শ্রমিকের পরিবারের লোকজন মঙ্গলবার চাকরির দাবিতে সংস্থার এক নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, মৃত শ্রমিকদের পরিবারের লোকজনকে দীর্ঘদিন ধরে চাকরি দিচ্ছে না ডিপিএল। অবিলম্বে চাকরি দিতে হবে। ডিপিএল কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
Advertisement
বিক্ষোভকারীদের সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারের বাবা বা দাদারা ডিপিএলে ঠিকাদারের অধীনে কাজে যু্ক্ত ছিলেন, দুর্ঘটনাজনিত অথবা শারীরিক অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে। ওই মৃত শ্রমিকদের পরিবারের একজন করে সদস্যের চাকরির দাবি করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী কৃষাণ বেশরা ও মিনা প্রসাদ বলেন, আমরা স্থানীয় বাসিন্দা। আমাদের চাকরি দেওয়া হচ্ছে না। অথচ বহিরাগত শ্রমিকরা কাজ পাচ্ছেন। তাই চাকরির দাবি করেছি আমরা। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্রা বলেন, তিনজন মৃত শ্রমিকের পরিবারের লোকজন চাকরির জন্য আবেদন করেছেন। ওই শ্রমিকরা ঠিকাদারের অধীনে ছিলেন। আমরা আবেদনকারীকে জানিয়েছি, চাকরির বিষয়ে আইনগত কোনও পদ্ধতি থাকলে বিষয়টি দেখা হবে।



