Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরি না পেয়ে শিবমন্দিরের সরকারি হোমে তালা, বিক্ষোভ

চাকরি না পেয়ে শিবমন্দিরের সরকারি হোমে তালা, বিক্ষোভ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: চাকরির দাবিতে সরকারি চাইল্ড হোমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় চাকরি প্রার্থীরা। বুধবার এ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মাটিগাড়ার শিবমন্দিরের নিমতলা নয়াবস্তির চাইল্ড হোমে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, হোমের ভবনটির জমি ছিল তাঁদের পরিবারের নামে। ভবন তৈরির সময় তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যোগ্যতা অনুযায়ী স্থায়ী পদে নিয়োগ করা হবে। সেইমতো তাঁরা জমি দিয়েছেন। এখন কাজ না পাওয়ায় বিক্ষোভ দেখালেন তাঁরা। 
Advertisement
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি ভবনটির ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শূন্য থেকে ছ’বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়ে এবং ১৮ বছর বয়স পর্যন্ত মেয়েদের এই চাইল্ড হোমে রাখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ২৮ সেপ্টেম্বর হোমে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা হয়। ২৯ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হয়। অনেকেই পরীক্ষায় বসেন। যারমধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা ছিলেন। তাঁদেরই অভিযোগ, কিছুদিন আগে হোমে কর্মী পাঠানো হয়েছে। তাঁরা বাইরে থেকে এসেছেন। একজনও স্থানীয় প্রার্থীকে নিয়োগ করা হয়নি। বুধবার তাঁরা হোমের অফিসে কথা বলতে এলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিক্ষোভকারীদের পাল্টা দাবি, কেউ যাতে অফিসে ঢুকতে না পারেন তারজন্য ভিতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। এমন ঘটনার প্রতিবাদেই তাঁরা পাল্টা বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 
সুনীতা তিরকি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমার বাবার জমি ছিল এই ভবনের জায়গায়। বাবা কৃষিকাজ করতেন জমিতে। টাকা না নিয়েই বিনামূল্যে জমিটি বাবা দান করেছেন। প্রতিশ্রুতি পেয়েছিলাম ভবন তৈরি হলে যোগ্যতা অনুযায়ী চাকরির। গ্রামের অনেকেই পরীক্ষা দিয়েছেন। তবে স্থানীয় কেউ চাকরি পেলেন না। আমাদের দাবি, স্থানীয়দের চাকরি দিতে হবে। চাকরি প্রার্থী জবা সিংহ রায়, বর্ণালী রায় সিংহ বলেন, বঞ্চিত করা হল। স্থানীয়দের চাকরি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। 
সরকারি হোমে তালা মারার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাটিগাড়া থানার পুলিস ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। মাটিগাড়ার ভারপ্রাপ্ত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক শিখা লামা বলেন, খবর পেয়ে এসে দেখি প্রধান গেটে তালা। বাইরে চলছে বিক্ষোভ। নিয়োগ কমিটিই কর্মী নিয়োগ করেছে। জমির ব্যাপারে আমার জানা নেই। বিক্ষোভকারীদের লিখিতভাবে জানতে বলেছি। তাঁরা জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব।  
সম্পর্কিত সংবাদ