সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বেঙ্গালুরুতে বিএসসি নার্সিংয়ের ট্রেনিংয়ের শংসাপত্র ও চাকরি দেওয়ার নাম করে এক ছাত্রীর কাছ থেকে দুই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদহের দুই যুবকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কালিয়াগঞ্জ শহরের শ্রী কলোনির বাসিন্দা এক ছাত্রী ২০২২ সালে বেঙ্গালুরু যান জিএনএম কোর্স করতে। মালদহের দুই যুবক আলমগীর বাদশা ও ইন্দ্রনীল দাস ওই ছাত্রীকে বিএসসি নার্সিংয়ের শংসাপত্র ও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কাছে দু’লক্ষ টাকা চায়। চাকরির টোপে ওই ছাত্রীর পরিবার দু লক্ষ টাকা দেয়। কিন্তু কোর্সের শংসাপত্র সহ প্রয়োজনীয় কাগজ আটকে দেয় অভিযুক্তরা। ছাত্রীর পরিবার বারবার যোগাযোগ করলেও অভিযুক্তরা টাকা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে ছাত্রীর পরিবার কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে। ছাত্রীর বাবা বলেন, মেয়ের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সমস্ত কাগজ, নার্সিং ট্রেনিংয়ের সমস্ত কাগজ আটকে রেখেছে তারা। চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও দুলক্ষ টাকা নিয়েছে। এখন ফোন তোলে না। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।



