Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চকোলেটের লোভ দেখিয়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ

চকোলেটের লোভ দেখিয়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: চকোলেটের লোভ দেখিয়ে মাত্র তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সাজাপ্রাপ্তের নাম বীরেন দাস ওরফে কাল্টার। বৃহস্পতিবার পুরুলিয়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (স্পেশাল পকসো কোর্ট) বিচারক রানা দাম তাকে সাজা দেন। 
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ৩ এপ্রিল পুরুলিয়ার টাউন থানা এলাকায় ঘটনাটি ঘটে। নির্যাতিতা শিশুকন্যার বাবা পেশায় ফুচকা বিক্রেতা। ওইদিন সন্ধ্যায় শিশুটি বাবার সঙ্গে ফুচকার ঠেলা গাড়িতেই ছিল। রাত ৯টা নাগাদ প্রতিবেশী এক যুবক শিশুটিকে চকোলেটে খাওয়ানোর নাম করে নিয়ে যায়। শিশুটিকে তার বাড়ির কাছেই একটি অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। শিশুটির দুই দিদি কান্নার চিৎকার পায়। শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পরেই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবার। রাতেই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের ভর্তি করা হয়। শুরু হয় চিকিৎসা। পরের দিন তার বাবা বীরেনের বিরুদ্ধে টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। 
পুলিস সূত্রের খবর, মাসখানেক পর আদালতে তদন্তের চার্জশিট জমা পড়ে। শুরু হয় ট্রায়াল। মেয়েটির পরিবার, ডাক্তার সহ ১৮জনের সাক্ষ্যগ্রহণের পর গত ১১ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। 
পুরুলিয়া জেলা আদালতের পকসো কোর্টের বিশেষ সরকারি আইনজীবী আনোয়ার আলি আনসারি বলেন, প্রায় ছ’বছরের মাথায় দোষী যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেইসঙ্গে অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নাবালিকা শারীরিকভাবে সুস্থ হলেও আজও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলকে নির্দেশ দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ