Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন, ভূপতিনগরে যুবক গ্রেপ্তার

চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন, ভূপতিনগরে যুবক গ্রেপ্তার
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: চার বছরের শিশুকন্যাকে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ভূপতিনগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শেখ সাবের। তার বাড়ি ভগবানপুর থানা এলাকায়। শুক্রবার তাকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, বছর ৩৫-এর ওই যুবক ভূপতিনগরের ইটাবেড়িয়ায় শ্বশুরবাড়িতে থাকে। এখানে পরচুলার ব্যবসা করে। শ্বশুরবাড়ির জায়গায় বাড়ি তৈরি করে স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকে। বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী চার বছরের এক শিশুকন্যাকে চকোলেট দেওয়ার প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় সাবের। সেইসময় বাড়িতে কেউ ছিল না। অভিযোগ, সেখানে শিশুকন্যার উপর যৌন নির্যাতন করে ওই যুবক। শিশুকন্যাটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার উপর হওয়া নির্যাতনের কথা জানায়। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে তার ফাঁকে অভিযুক্ত সাবের পালিয়ে যায়। এরপরই শিশুকন্যার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে অভিযুক্তকে শুক্রবার সকালে এলাকা থেকে গ্রেপ্তার করে। নির্যাতিতা শিশুকন্যার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আজ, শনিবার তার গোপন জবানবন্দি নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ