


পুলিশের দ্বারস্থ হলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। সাম্প্রতিক অতীতে একের পর এক তারকাকে ডিপফেকের শিকার হতে হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সেই বিকৃত ভিডিওগুলির সত্য-মিথ্যা যাচাই করাই হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। এবার এআই দিয়ে তৈরি একটি কুরুচিকর ভিডিওর শিকার হয়েছেন চিরঞ্জীবী। তাঁর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে হায়দরাবাদ পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। সোমবার হায়দরাবাদ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন তিনি। সেখানে বেশ কয়েকটি ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর অভিযোগ, ওই ওয়েবসাইটগুলির মাধ্যমে তাঁর ডিপফেক ছবি, ভিডিও ছড়ানো হচ্ছে। সেগুলি সরিয়ে দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।