নয়াদিল্লি: জঙ্গি হামলার আগে ও পরে পহেলগাঁওয়ে চলেছিল চীনের অবিরাম নজরদারি! এজন্য নিজেদের আর্থ-অবজারভেশন স্যাটেলাইটগুলিকে ব্যবহার করেছে ড্রাগনের দেশ! ঘনঘন ঢুঁ মেরেছে সেগুলি। সেজন্য অন্তত ৩৭ বার বদল করা হয়েছে স্যাটেলাইটগুলির গতিপথ— যা সম্পূর্ণ অস্বাভাবিক। গত বছর ২২ এপ্রিল জঙ্গিরা হামলা চালায় পহেলগাঁওয়ে। তার ছ’দিন আগে থেকেই অপ্রত্যাশিতভাবে বদল আসে চীনা স্যাটেলাইটগুলির গতিবিধিতে। এমনকী হামলার ঠিক পরেই জোড়া স্যাটেলাইটকে ওই এলাকায় নজর রাখার কাজে ব্যবহার করে ইসলামাবাদের ‘চিরসখা’ বেজিং। বেঙ্গালুরুর মহাকাশ নজরদারি সংস্থা ‘দিগন্তরা’-র রিপোর্টের ভিত্তিতে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
২০২৫ সালের ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৩৭ বার গতিপথে বদল করেছিল চীনা স্যাটেলাইটগুলি। সেগুলির কক্ষপথে নির্ধারিত গতিবিধি পরিবর্তিত হয়েছিল। লক্ষ্য ছিল একটাই। পহেলগাঁওয়ের উপর দিয়ে স্যাটেলাইটগুলির চক্করের সংখ্যা বাড়িয়ে তোলা। নিছক কাকতালীয় নয়। বরং হামলার আগে পূর্ব-পরিকল্পিতভাবে তা করা হয়ে থাকতে পারে। স্পেস ডোমেইন অ্যাওয়ারনেস (এসডিএ) সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এমনটাই দাবি বেঙ্গালুরুর সংস্থাটির। ঘটনাচক্রে, মার্কিন কংগ্রেসের একটি কমিশনের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই শোরগোল তুঙ্গে। সেখানে দাবি করা হয়েছে, সামরিক ক্ষেত্রে ভারতের উত্থানে বিব্রত চীন। তাই ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন সব ধরনের সহায়তা করেছিল পাকিস্তানকে। শুধু তাই নয়, চীন-পাকিস্তানের সখ্য বৃদ্ধি নিয়েও সতর্ক করা হয়েছে ওই রিপোর্টে। তারই মধ্যে জঙ্গি হামলার আগে থেকে পহেলগাঁওয়ে চীনা স্যাটেলাইটগুলির অস্বাভাবিক গতিবিধির বিষয়টি সামনে এসেছে।
বেঙ্গালুরুর সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, অপ্রত্যাশিত গতিবিধির সূত্রপাত জঙ্গি হামলার ঠিক ছ’দিন আগে ১৬ এপ্রিল থেকে। আচমকাই বদল হয় চীনের ইয়াওগান-৩৫ ০১এ স্যাটেলাইটের কক্ষপথে। স্বাভাবিক নিয়মের থেকে সেটির গতিবিধি দ্বিগুণ হয়। ঘটনার দিন গতিবিধি বাড়ে আরও দু’টি স্যাটেলাইটের। সেগুলি হল ইয়াওগান-৩৯ ০১বি এবং ইয়াওগান-৩৯ ০১সি। গতিপথে বদল আনতে সেগুলির ‘ম্যানোয়েভার’ হয়েছিল যথাক্রমে বিকেল ৫টা ১৪ মিনিট ও বিকেল ৫টা ৫৯ মিনিটে। অর্থাৎ, পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলার ঠিক পরই এই কাণ্ড ঘটানো হয়েছিল। কিন্তু কেন স্যাটেলাইটগুলির স্বাভাবিক গতিপথে আচমকা এই পরিবর্তন? এবিষয়ে ওয়াকিবহাল একাধিক সূত্রের দাবি, ওই অঞ্চলে চীনের স্যাটেলাইট নজরদারি জোরলো করার ইঙ্গিত দিচ্ছে এই প্রবণতা। এর ফলে একটি নির্দিষ্ট স্থানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কতটা, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব। একইভাবে জঙ্গিদের জন্য পালানোর সম্ভাব্য রাস্তা কোথায় কোথায় থাকতে পারে, সেবিষয়েও ধারণা তৈরি সম্ভব। যদিও চীনা স্যাটেলাইগুলির গতিবিধির সঙ্গে পহেলগাঁও হামলার সরকারি কোনো যোগসূত্রের প্রমাণ মেলেনি রিপোর্টে।



