নয়াদিল্লি: ফের বেআইনিভাবে ভারতের সীমায় ঢুকে পড়ার অভিযোগ চীনের বিরুদ্ধে। গত ১২ নভেম্বর সিকিমে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে চীনা সামরিক বিমান। ভারতীয় বিমানবাহিনী সতর্ক করা সত্ত্বেও প্রায় ২০ মিনিট ভারতের আকাশে চক্কর খায় সেটি। তা নিয়ে সরব হল কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, ‘চীনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত মোদি সরকারের। আশা করছি, নরেন্দ্র মোদি আর চীনকে ক্লিন চিট দেবেন না।’ সম্প্রতি অরুণাচলে চীনা অনুপ্রবেশ নিয়ে বাদানুবাদে জড়িয়েছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ। চীনাদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা অস্বীকার করলেও পরে নিজের দাবি থেকে সরে এসে পেমা দাবি করেছিলেন, ‘সেটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা।’ জয়রাম বলেন, ‘সীমান্তে ভারতের অবস্থান আরও শক্ত করার বদলে বিজেপি নেতারা চীনের কর্মকাণ্ডকে সমর্থন করছেন।’



