Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রেজিনগরে ভোটপ্রচারে লজেন্স কুড়োতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত শিশু

রাজনীতির যাঁতাকলে পড়ে ফের এক শিশুর মৃত্যু। নদীয়ার কালিগঞ্জে তমান্নার পর এবার মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার বেলডাঙার জেসমিনা।

রেজিনগরে ভোটপ্রচারে লজেন্স কুড়োতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত শিশু
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজনীতির যাঁতাকলে পড়ে ফের এক শিশুর মৃত্যু। নদীয়ার কালিগঞ্জে তমান্নার পর এবার মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার বেলডাঙার জেসমিনা। গত রবিবার গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থী সফিউজ্জমানের নির্বাচনি প্রচারে মিছিল হচ্ছিল বেলডাঙা ২ ব্লকের লোকনাথপুরে। সেই মিছিল থেকে বাচ্চাদের উদ্দেশ্যে ছোড়া লজেন্স কুড়োতে গিয়েই বিপত্তি ঘটে। মৃত্যু হয় ছ’ বছরের শিশুটির। গত রবিবারের ওই মিছিল থেকে ছোড়া লজেন্স নিতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। সেই হুড়োহুড়ির মাঝে পড়েই চোট পায় ছ’ বছরের জেসমিনা। তাকে প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়। জেসমিনার পরিবারের অভিযোগ, যাদের মিছিল থেকে এই ঘটনা ঘটল, সেই দলের নেতারা কেউ একবারও খোঁজ নেয়নি। মৃত শিশুর আত্মীয় ইউসুফ শেখ বলেন, ডেমোক্র্যাটিক তৃণমূলের প্রচার চলছিল। সেইসময় মিছিল থেকে লজেন্স ছুড়ছিল। গ্রামের ছেলেমেয়েরা মিছিল দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিল। তখনই লজেন্স কুড়োতে গিয়ে হুড়োহুড়িতে পড়ে গিয়ে চোট পায় জেসমিনা। তার মাথা সহ একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। তাকে নিয়ে প্রথমে বেলডাঙা হাসপাতালে ভর্তি করি। তারপর মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গিয়েও লাভ হয়নি। দু’টি হাসপাতাল ঘুরে কলকাতা এসেও শেষরক্ষা হল না। ওর মৃত্যু হল।  তিনি আরও বলেন, দুঃখের বিষয় এই দলের নেতারা আমাদের সঙ্গে একবারও যোগাযোগ করেনি। কেউ খোঁজ নেয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ