নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গলায় বেলুন আটকে মৃত্যু হল এক শিশু পুত্রের! মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনা আরামবাগ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর তেলিপাড়ায়। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বুদ্ধদেব পন্ডিত। তার বয়স চার বছর আট মাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের ডাক নাম যশ। বাবা জয়দেব পণ্ডিত পেশায় টোটোচালক। মা রূপাদেবী পরিচারিকার কাজ করেন। বুদ্ধদেবের তিন দিদি রয়েছে। বড় দিদির বিয়ে হয়ে গিয়েছে। মঙ্গলবার মেজদির জন্মদিন ছিল। সন্ধ্যায় মেজদির জন্মদিন উপলক্ষ্যে নিয়ে আসা বেলুন নিয়ে খেলছিল ছোট্ট বুদ্ধদেব। সবার চোখের আড়ালে আচমকা বেলুনের টুকরো গলায় আটকে যায়। আচৈতন্য হয়ে পড়লে দ্রুত বাড়ি থেকে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। বুদ্ধদেবের মা বুধবার বলেন, দিদির জন্মদিনে আনন্দ করতে চেয়েছিল আমার ছেলে। সেইজন্য নিজের জমানো টাকা দিয়ে বেলুন কিনে এনেছিল। আমাদের অজান্তে বেলুন মুখে ঢুকে যায়। হাঁসফাঁস করছিল। গলায় আঙুল ঢুকিয়ে বের করার চেষ্টা করি। কিন্তু পারিনি। তারপরেই হাসপাতালে যাই। কিন্তু ছেলেটাকে রাখতে পারলাম না। তিন মেয়ের কোলে ছেলে হয়েছিল। কষ্ট করে সংসার চালাই। যেখানে যেতাম ছেলেকে নিয়ে যেতাম। সব শেষ হয়ে গেল। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় দাস বলেন, ঘটনার সময় আমরা পার্টি অফিসে ছিলাম। খবর পেয়েই হাসপাতালে আসি। গলায় বেলুনের টুকরো আটকে গিয়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পাশে আছি। মৃত শিশু।



