Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নজরে শিল্প থেকে নাগরিক পরিষেবা, কাল থেকে উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর

নজরে শিল্প থেকে নাগরিক পরিষেবা,  কাল থেকে উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন উত্তরবঙ্গের মানুষ। এখন থেকে ঠিক এক মাসের মাথায় রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটে তিনি কী দিক নির্দেশ করেন, সে দিকে তাকিয়ে রয়েছে দলীয় নেতা কর্মীরাও। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে তৃণমূল। পায়ের নীচের জমি অনেকটাই হারিয়েছে গেরুয়া শিবির। মূলত উন্নয়নের উপর ভিত্তি করেই জনসমর্থন এসেছে রাজ্যের শাসক দলের পক্ষে। আবার কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বারলা। ফলে তাঁর এবারের সফর মূলত প্রশাসনিক কর্মসূচিতে ঠাসা হলেও, রাজনৈতিক ভাবেও তা বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওইদিন বিকেলে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনার কথা, দেশ বিদেশ থেকে আসা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেছে রাজ্য সরকার। বিশেষ করে পর্যটনশিল্প, হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্পের নানান দিক তুলে ধরা হয়েছে। এবার উত্তরবঙ্গেই সিনার্জির আয়োজন করা হয়েছে। সেখানে শিল্পদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রস্তাব থেকে শুরু করে সমস্যার কথা শোনার পাশাপাশি, আগামী দিনে শিল্প নিয়ে রাজ্যের পরিকল্পনার কথাও তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে হবে পরিষেবা প্রদান অনুষ্ঠান। যেখান থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির মানুষের কাছে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেবেন তিনি। উদ্বোধন এবং শিলান্যাসও করবেন কয়েক হাজার কোটি টাকার প্রকল্পেরও। আগে এই অনুষ্ঠান ওদলাবাড়িতে হওয়ার কথা থাকলেও, পরবর্তীকালে তা ভিডিওকন গ্রাউন্ডে করার সিদ্ধান্ত হয়। বুধবার উত্তরকন্যা অডিটোরিয়ামে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বেশ কিছু মন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট দপ্তর এবং জেলার পদস্থ কর্তারা এই বৈঠকে যোগ দেবেন বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সম্পর্কে লাগাতার খোঁজ খবর নেন। ওঁনার আগে কোনও মুখ্যমন্ত্রী এতবার উত্তরবঙ্গে আসতেন না। তিনি এখানে আসা মানেই উন্নয়নের জোয়ার আসা। মানুষ তাঁকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ