নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একজনের বক্তব্য। পালটা অন্যজনের টিপন্নী। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসিয়ে দিয়ে এভাবেই রাজনীতির পরিসরে শুরু হল নয়া চর্চা!
রাজ্যে পালাবদল হয় এবছরের ৪ মে। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মে’র পর থেকে রাজ্যে তৃণমূল শিবির দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে—একদিকে মমতা তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল। এমতাবস্থায় নির্বাচন কমিশনে দরবার, আদালতের দ্বারস্থ হওয়াসহ নানাবিধ ঘটনার মধ্যে দিয়েই সংগঠনকে ধরে রাখা এবং শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা শিবিরের সৈনিকরা। দিনকয়েকের মধ্যে মমতা নিজেও জেলা সফর শুরু করতে চলেছেন। অন্যদিকে মামলা-মকদ্দমা, পুলিশি জেরার বিষয়গুলি এড়িয়ে যাচ্ছেন না অভিষেক। ঠিক এই প্রেক্ষাপটে সোমবার মমতা শিবিরের বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, ২০৩৬ সালে অভিষেক মুখ্যমন্ত্রী হবেন। আমি আগেও যা বলেছিলাম, এখনো সেই বক্তেব্যে অনড়। ৪ মে’র পরে থেকে আমাদের উপর হামলা, মামলা, গ্রেপ্তার চলছেই। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা বলছি, ঘর সাজিয়ে ঘুরে দাঁড়াবই। বিজেপির একাধিক নেতার দাবি, তাঁরা ৫০ বছর বাংলায় ক্ষমতায় থাকবেন! কিন্তু কুণালের মুখে অভিষেকের ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি শুনে উঠে এসেছে নানা মত। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, অভিষেক আর কোনো নির্বাচনেই জিততে পারবেন না। সেখানে কুণাল কি মজা করলেন? এটা কি তাঁর টিপন্নী, না কটূক্তি? বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, অভিষেককে শুধু ‘মুখমন্ত্রী’ করার কথা কেন বলছেন কুণাল—বলুন না ‘প্রধানমন্ত্রী’ কিংবা ‘রাষ্ট্রসংঘের মহাসচিব’ হবেন!



