ঋত তৃণমূলের মাথায় মুখ্যমন্ত্রীর  আশীর্বাদের হাত আছে: শারদ্বত
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋতব্রত তৃণমূল আসলে হল বিজেপির বি-টিম—এই তকমা আগেই সেঁটে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। কিন্তু যে বক্তব্য মমতার সৈনিকরা প্রথম দিন থেকে বলে আসছেন, সেই বক্তব্যেই সিলমোহর দিলেন রাজ্যের বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। প্রকাশ্যেই তাঁর মন্তব্য—ঋত তৃণমূলের মাথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদের হাত রয়েছে। বুধবার সকাল থেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন শুরু হয়েছে। 

Advertisement

স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিয়ো ক্লিপিংস সামাজিক মাধ্যমে তুলে ধরেন মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। ওই ভিডিওতে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, একটা মৃত তৃণমূল। একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে হাতের ছোঁয়ায় চলছে। যেদিন মুখ্যমন্ত্রী হাত নামিয়ে নেবেন, সেদিন শেষ হয়ে যাবে। ঋত তৃণমূলে যে ক’জন আছেন, আমাদের দয়া-দাক্ষিণ্যে আছেন। স্বাস্থ্যমন্ত্রীকে আরও বলতে শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, আমরা যদি চাই, ২৮০ জন বিধায়ক পক্ষে ভোট দিয়ে দেবেন। উনি (মুখ্যমন্ত্রী) মিথ্যা কথা কিছুই বলেননি। মৃত তৃণমূলে কেউ নেই। আমরা তৃণমূলকে হারিয়েছি। বারবার হারাব। ওরা বাস্তবে নেই। তবে নতুন থ্রেট বামপন্থা ও বামপন্থী। আমরা লড়াই চালিয়ে যাব।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে উচ্ছ্বসিত মমতা তৃণমূল কংগ্রেস। মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আমরা যেকথা অনেক দিন ধরে বলে আসছি, সেটা স্বাস্থ্যমন্ত্রীর মুখে। বিজেপির মনের কথা বেরিয়ে গিয়েছে। মুখোশ খুলে গিয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনে আমার বেশ ভালো লাগল। অন্যদিকে একপ্রকার ঢোঁক গিলে ঋতব্রত শিবিরের নেতা আখরুজ্জামানের বক্তব্য, শারদ্বতবাবু যে মন্তব্য করেছেন, তা আসলে কালীঘাটের কথায় 
আমাদের কলুষিত করা। কালীঘাটের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং রয়েছে।
তবে শারদ্বতবাবুর বক্তব্য যে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওঁনার ওই বক্তব্য দলের অভ্যন্তরেচর্চার বিষয়বস্তু হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হল, যে অনুষ্ঠানে শারদ্বতবাবু বক্তব্য রাখেন, সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, সেখানে হাতে গোনা কিছু লোক এসেছিলেন। কিন্তু সেই ভিডিয়ো বাইরে চলে এল কী করে? বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ সংবাদ মাধ্যমে বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী ওঁনার বক্তব্য রেখেছেন। আমরা সব রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আরও বেশি করে মানুষের আস্থা অর্জন করব।