Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী ২৫ সেপ্টেম্বর বর্ধমানে মুখ্যমন্ত্রী, ভুয়ো ডাক্তার-কাণ্ডে তথ্য তৈরির নির্দেশ

২৫ সেপ্টেম্বর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন। সমস্ত দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন।

আগামী ২৫ সেপ্টেম্বর বর্ধমানে মুখ্যমন্ত্রী, ভুয়ো ডাক্তার-কাণ্ডে তথ্য তৈরির নির্দেশ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ২৫ সেপ্টেম্বর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন। সমস্ত দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। বিশেষ করে জেলার স্বাস্থ্যদপ্তরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখবেন। ওই দপ্তরের আধিকারিকদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বর্ধমান শহরে সম্প্রতি ভুয়ো ডাক্তার চক্র ফাঁস হয়েছে। ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর পর জেলায় তোলপাড় পড়ে গিয়েছে। নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হলেও অভিযুক্তরা এখনও অধরা। মৃত শিশুর পরিবারের লোকজনরা জানিয়েছেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হলে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। ভুয়ো চিকিৎসককে কেন পুলিশ এখনও গ্রেপ্তার করেনি, তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। শুধু এক দালালকে গ্রেপ্তার করেই দায় সেরেছে বর্ধমান থানার পুলিশ। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জেলার বিধায়করাও থাকবেন। বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী আলু চাষিদের নিয়ে কী বার্তা দেন, তার জন্য  অনেকেই মুখিয়ে রয়েছেন। ব্যবসায়ী স্বপন মণ্ডল বলেন, হিমঘর থেকে আলু অনেকে বের করতেই চাইছেন না। খরচ উঠছে না। মুখ্যমন্ত্রী জেলায় এসে নিশ্চয়ই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, মুখ্যমন্ত্রী চাষি, শ্রমিক সবার কথা ভাবেন। নতুন সরকারের মুখ্যমন্ত্রী জেলায় এই প্রথমবার আসছেন। এক আধিকারিক বলেন, কোথায় তিনি বৈঠক করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। শহরের দু’টি জায়গা দেখে রাখা হয়েছে। তবে তিনি ২৫ তারিখই আসছেন এটা নিশ্চিত। 
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীর সফরের বার্তা আসায় আধিকারিকদের মধ্যেও তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আবাস যোজনা বা ভিবি জি রামজি প্রকল্পে জোর দেওয়া হয়েছে। বেশ কিছু রাস্তাও দ্রুত সংস্কারের ভাবনা শুরু হয়েছে। বিশেষ করে শহরের বেহাল রাস্তাগুলি দ্রুত মেরামত করা হবে। গ্রামীণ রাস্তাগুলির টেন্ডার প্রক্রিয়াও প্রশাসন দ্রুত শেষ করতে চাইছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ