নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্য ৩৪ বছর কমিউনিস্ট শাসন ছিল, ১৫ বছর ছিল জামাতের সরকার। ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে, ভাষা নিয়ে রাজনীতি হয়েছে, হিন্দু ধর্মকে প্রতিমুহূর্তে বাধা সৃষ্টি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভাটপাড়ার জালেবি ময়দানে ছট ব্রতীদের পুজো সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে এখন রাষ্ট্রবাদী সরকার এসেছে। ডবল ইঞ্জিন সরকার। দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। ৭০০০ কালীপুজো বেড়েছে। আপনারাও নির্বিঘ্নে ছটপুজো করুন। আগে ছটপুজো নিয়ে অনেক বাধা আসত। প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি থাকবে। আমি নিজে গঙ্গাবক্ষে নজরদাড়িতে রাখব। তিনি পুলিশ কমিশনারকে ডেকে এবং প্রত্যেক বিধায়ককে ছট ব্রতীদের সবরকম সহযোগিতা করতে নির্দেশ দেন।
মন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে ভাটপাড়া, জগদ্দল এলাকায় ১৫ হাজার মানুষের বাড়িতে পুজো সামগ্রী বিতরণ চলছে। মুখ্যমন্ত্রী ১৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে তা তুলে দেন। বারাকপুরের শিল্পাঞ্চলের প্রত্যেক বিধায়ক এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সনাতনী। মোদিজির দেখানো পথেই আমরা চলছি। গোটা দেশ মোদিজির দেখানো পথে চলবে। আজ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হয়েছে। অনেক রকম সুবিধা আছে। আগে রাম নবমী করা যেত না। বলা হত, ওটা উত্তরপ্রদেশে হবে। এখানে কেন? গতবছর রামনবমীর দিন দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছিল। দুর্গাপুজো, কালীপুজো করতে কাউকে হাইকোর্টে ছুটতে হয়নি। আপনারা সবাই নির্বিঘ্নে ছটপুজো করুন। রাষ্ট্রবাদী সরকার আপনাদের পাশে আছে। নৈহাটি বড়মার পুজো এবং বিসর্জন নির্বিঘ্নে হওয়ার জন্য বারাকপুরের পুলিশ কমিশনার অমিত সিং, এসডিও এবং ডিএম কে ধন্যবাদ জানান। ছটপুজো দায়িত্ব নিয়ে দেখার জন্য তাদের নির্দেশ দেন।



