নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, মঙ্গলবার বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের (স্বামী প্রদীপ্তানন্দ) তত্ত্বাবধানে আয়োজিত জগদ্ধাত্রী পুজোয় অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব মুর্শিদাবাদের বেলডাঙায়। বেলডাঙার সি.আর.জি.এস. ময়দানে তৈরি হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে নেমে ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বিধায়ক ভরত কুমার ঝাওর বলেন, মুখ্যমন্ত্রী আসছেন, আমরা খুবই আনন্দিত। তাঁকে স্বাগত জানাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগেও বিরোধী দলনেতা থাকাকালীন কার্তিক মহারাজের এই পুজোয় এসেছেন শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার বেলডাঙায় প্রথম আসছেন তিনি।
ইতিমধ্যেই পুজো মণ্ডপ ও তার সংলগ্ন এলাকা নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। ভক্ত ও সাধারণ মানুষের ভিড় সামাল দিতে আয়োজকদের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, উৎসবের আবহে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কার্তিক মহারাজের আশ্রমের এই পুজো প্রতি বছরই বেলডাঙা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। মঙ্গলবারের মূল অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত পুলিশ, প্রশাসন। সোমবার অনুষ্ঠানের আগে হেলিপ্যাড ও রাস্তা ঘুরে দেখেন পুলিশ সুপার শচিন মক্কার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো ফাঁক-ফোকর যাতে না থাকে সেজন্য পুলিশ সুপারের অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এদিন। ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী বেলডাঙা এসে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছেন বেলডাঙাবাসী। প্রতীকী চিত্র



