সংবাদদাতা, কাকদ্বীপ: পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে কাকদ্বীপের মাটিতে প্রথম পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি ২৪ অক্টোবর, শনিবার কাকদ্বীপের স্টেডিয়াম মাঠে আসবেন। সকাল সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারে স্টিমারঘাটে স্টেডিয়াম মাঠ সংলগ্ন হেলিপ্যাডে নামবেন। প্রথমে কাকদ্বীপের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর স্টেডিয়াম মাঠে সভা করবেন। এখন জোর কদমে চলছে তারই প্রস্তুতি।
বৃহস্পতিবার কাকদ্বীপের স্টেডিয়াম মাঠে গিয়ে সমস্ত প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা, সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, সুন্দরবন পুলিশ জেলার সুপারসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক। পরে তাঁরা মহকুমা শাসকের দপ্তরে বৈঠকও করেন।
প্রশাসন সূত্রে খবর, আসন্ন বৈঠকে জেলার বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও ২০২৭ সালের গঙ্গাসাগর মেলার বিষয় নিয়েও আলোচনা করা হবে। কারণ এই প্রথম নতুন সরকারের অধীনে গঙ্গাসাগর মেলা হতে চলেছে। তাই নতুন রূপে এ বছরের গঙ্গাসাগর মেলাকে সাজিয়ে তুলতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানা গিয়েছে। আগামী দিনে জাতীয় মেলা রূপে গঙ্গাসাগর মেলাকে ঘোষণা করার বিষয়টিও বৈঠকে উঠে আসতে পারে। এছাড়াও বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর সুন্দরবনকে আলাদাভাবে জেলা ঘোষণা করা হয়েছে। ফলে জেলা গঠনের বিষয়টিও বৈঠকে উঠে আসার সম্ভাবনা রয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা বলেন, ‘শনিবার কাকদ্বীপে আসবেন মুখ্যমন্ত্রী। তার আগে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে।’



