নিজস্ব প্রতিনিধি, খয়রাশোল: খয়রাশোলে নির্বাচনি প্রচারে এসে কমিশন ও বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুবরাজপুর বিধানসভার এই সভা থেকে এসআইআরের নামে কয়েক হাজার মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘এখনও বুথে বুথে সাপ্লিমেন্টারি লিস্ট টাঙানো হয়নি। আমরা জানতে পারছি না কাদের নাম আছে আর কাদের বাদ গেল। সৎ সাহস থাকলে অতিরিক্ত ভোটার তালিকা দ্রুত প্রকাশ করুন।’ দলনেত্রীর দাবি, ভোটার তালিকায় যাঁদের নাম ‘বিবেচনাধীন’ ছিল, তাঁদের মধ্যে অন্তত ৬০ শতাংশের নাম যদি ফিরে থাকে, তবে সেই কৃতিত্ব একমাত্র তৃণমূলের লড়াইয়ের। যাঁদের নাম এখনও তালিকায় ফেরেনি তাঁদের জন্য মমতার আশ্বাস, ‘আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন। তাঁদের জন্য ট্রাইবুনালে বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে। আইনজীবীরা তাঁদের হয়ে লড়াই করবে।’ একইসঙ্গে রাজ্যের আমলা বদলি প্রসঙ্গে কমিশনকে বিঁধে তিনি বলেন, ‘ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসন চালানো হচ্ছে। কোনো দুর্যোগ হলে তার দায় এখন বিজেপি আর ভ্যানিশ ওয়াশিং মেশিনকেই নিতে হবে।’ ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করে মমতা দলের কর্মীদের সতর্ক করে বলেন, ‘ওরা কিন্তু অনেক রাত পর্যন্ত গণনা টেনে নিয়ে যাবে। ১০০শতাংশ ভিভিপ্যাট স্লিপ গণনা ছাড়া ফল মানবেন না।’ অসমের উদাহরণ টেনে মনোনয়ন বাতিলের আশঙ্কা প্রকাশ করে প্রার্থীদের সঙ্গে আইনজীবী রাখারও পরামর্শ দেন তিনি। -নিজস্ব চিত্র



