প্রীতেশ বসু, কলকাতা: ভোটার কার্ড না থাকলে আর মিলবে না কৃষক সহায়তা সংক্রান্ত রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা। শুধু তাই নয়, উপভোক্তাদের মধ্যে কেউ আয়করদাতা হলে কিংবা সরকারি চাকরিরত হলে, তাঁদেরও জুটবে কোনো সরকারি অনুদান। প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যের যে সমস্ত কৃষক কেন্দ্রীয় প্রকল্প পিএম কিষাণ যোজনার সহায়তা পান না, অথচ আগের সরকারের আমলে কৃষকবন্ধু প্রকল্পের (বর্তমানে যা নাম পালটে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি) সুবিধা পেতেন, এমন উপভোক্তার সংখ্যা প্রায় ৮০ লক্ষের কাছাকাছি। এই ৮০ লক্ষের তথ্য যাচাইয়ের কাজ চলছে রাজ্যজুড়ে। শেষ হবে ৩০ নভেম্বরের মধ্যে। সেই যাচাইপর্বেই ভোটার কার্ড, আয়কর এবং সরকারি চাকরির বিষয়গুলি খতিয়ে দেখে যোগ্য এবং অযোগ্য উপভোক্তা নির্ধারণ করা হবে। একইভাবে আগামী দিনের নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও মিলিয়ে দেখে নেওয়া হবে এই সমস্ত তথ্য।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব রঞ্জন (লালন সিং) জানিয়েছিলেন, গ্রামীণ এলাকায় যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে এক মাত্র ভোটার কার্ডের ভিত্তিতে। যা এসআইআর পরবর্তী পর্বে যথেষ্ট গুরুত্বপুর্ন বিষয়। কারণ, এরাজ্যে এসআইআরে গ্রামীণ এলাকায় বাদ গিয়েছে প্রায় ৪১ লক্ষের নাম। যাঁদের ভোটার কার্ড থাকার কথা নয়। ফলে আয়কর দাতা, সরকারি চাকুরিজীবী হওয়ার কারণে নাম বাদ যাওয়ার তুলনায় ভোটার কার্ড না থাকাতেই, এই প্রকল্পের ৮০ লক্ষের থেকে অধিকাংশ নাম বাদ যাবে বলেই ধরে নিচ্ছে ওয়াকিবহাল মহল।
রাজ্যে পালাবদলের পর কৃষকবন্ধু প্রকল্পের নাম বদলে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি রেখেছে শুভেন্দু অধিকারীর সরকার। দুটি ভাগে করা হয়েছে আগের সরকারের আমলের (কৃষকবন্ধুর) ১ কোটি ৩০ লক্ষ উপভোক্তাকে। প্রথম হল, যাঁরা কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। এর সংখ্যা ৪৬ লক্ষ। আর দ্বিতীয় ভাগে রয়েছেন সেই ৮০ লক্ষ যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের অধীন ছিলেন না, কিন্তু বছরে দু’বার তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা। প্রথম ভাগের ৪৬ লক্ষ উপভোক্তাকে নিয়ে কোনো সমস্যাই নেই রাজ্যের বর্তমান সরকারের। কারণ, কেন্দ্রের ‘সাত-দফা’ যাচাই পর্বের পরই তাঁরা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কেন্দ্রের প্রকল্পে নেই আয়কর দাতা এমন কোনো কৃষক। ফলে দ্বিতীয় ভাগে থাকা উপভোক্তাদের যাচাই প্রয়োজন হয়ে পড়েছিল বলেই মত প্রশাসনিক মহলের। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, যে সমস্ত কৃষকদের প্রকৃত অর্থেই সহায়তা প্রয়োজন, তাঁদের ‘সুবিধা’ নিশ্চিত করতে এবং অযোগ্যদের বাদ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



