নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, শুক্রবার বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবহাওয়া ঠিক থাকলে তিনি স্বস্তিপল্লির মাঠে হেলিকপ্টারে নামবেন। আকাশ মেঘলা থাকলে সড়ক পথে আসবেন। মুখ্যমন্ত্রী সর্বমঙ্গলা মন্দিরে আসবেন। পুজো দেওয়ার পর তাঁর জন্য ভোগ খাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। মন্দিরের পুরোহিত অরুণ ভট্টাচার্য বলেন, সুগন্ধি চালের ভাত, পায়েস, পোলাও, চাটনি ভোগে থাকবে। এছাড়া মাছের টকও দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হাতে মায়ের ছবি তুলে দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেড়টা থেকে দু’টোর মধ্যে তিনি মন্দিরে আসতে পারেন। তার আগে মুখ্যমন্ত্রী পুলিশ লাইনের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন সকাল ৯টার পর থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। উল্লাস থেকে কার্জনগেট পর্যন্ত রাস্তায় বড়ো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। সর্বমঙ্গলা মন্দির থেকে মুখ্যমন্ত্রী বিজেপি’র জেলা পার্টি অফিসে আসবেন। সেখানে তাঁর বৈঠক করার কথা রয়েছে। সেই মতো প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা রাখছে।
রায়নার বিধায়ক সুভাষ পাত্র বলেন, মুখ্যমন্ত্রী প্রথমবার জেলায় আসছেন। তাঁকে জেলাবাসী স্বাগত জানাবেন। এছাড়া অন্নপূর্ণা যোজনার দেওয়ার জন্য মায়েরা ধন্যবাদ দেবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, উল্লাস থেকে বীরহাটা যাওয়ার রাস্তায় দু’-তিন জায়গায় দলের কর্মী এবং সমর্থকরা জমায়েত থাকবেন। এদিন মুখ্যমন্ত্রী চাষিদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করবেন। সাবমার্সিবলের বিলে বিশেষ ছাড় দেওয়া হবে। দুই বর্ধমান, হুগলি এবং বীরভূমের চাষি উপস্থিত থাকবেন। প্রায় ছ’হাজার চাষি উপস্থিত থাকার কথা রয়েছে। জেলার চাষিরাও মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। বিশেষ করে আলু চাষিরা লোকসানের মুখে পড়েছেন। হিমঘরে রাখা আলুর দাম তাঁরা পাচ্ছেন না। জলের দরে আলু বিক্রি করতে হওয়ায় তাঁরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এখনো জেলার প্রতিটি হিমঘরে বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে। বাইরের রাজ্যেও আলুর চাহিদা নেই। তাই আগামী দিনেও দাম পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এছাড়া ধান চাষিদেরও বিভিন্ন সমস্যা রয়েছে। সারের দাম অনেক বেড়ে গিয়েছে। কখনো কখনো কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারি করা হচ্ছে বলে অভিযোগ। চাষিরা বলছেন, পূর্ব বর্ধমান এবার উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছে। তাই এই সরকারও কৃষকদের পাশে থাকবে। গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, মুখ্যমন্ত্রী সবার কথা চিন্তা করেন। চাষিদের কথা ভাবেন বলেই সাবমার্সিবলের ইলেুক্ট্রক বিলে ছাড় দিচ্ছেন। ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বলেন, ধানের সহায়কমূল্য সরকার বাড়িয়েছে। আলু চাষিদের নিয়েও চিন্তাভাবনা চলছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুলিশ লাইনে বিদ্যুৎ দপ্তরের অনুষ্ঠানে জেলার সমস্ত বিধায়করা থাকবেন। তবে সর্বমঙ্গলা মন্দিরে নির্দিষ্ট কয়েকজন আধিকারিক এবং জনপ্রতিনিধি থাকবেন।