দুর্গার নামে নামকরণ, নিউটাউনে গৌরী মেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মা আহারে বৈষ্ণবদের জন্য সাত্ত্বিক খাবার
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোমবার নিউটাউন মেলা গ্রাউন্ডে রাজ্য গৌরী মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী সবলা মেলার নাম বদলে দুর্গার নামে নামকরণ করেছেন। মেলা আয়োজনে ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। স্বল্প আকারে প্রতিটি জেলায় গৌরী মেলা করার প্রয়াসও চলছে। আগামী বছর তা ব্লক স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘একদিকে নারীদের নিরাপত্তার বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলছি। অন্যদিকে নারীশক্তির আর্থিক ক্ষমতায়ন হচ্ছে।’

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ৫০০টি ‘মা আমার’ ক্যান্টিন আছে। আরও ৫০০টি হবে। এরপর দপ্তরের সচিবকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘বৈষ্ণব সমাজের জন্য বারাসতে একটি অতিরিক্ত নিরামিষ সাত্ত্বিক খাবারের ব্যবস্থা করুন। মায়াপুর, নবদ্বীপ যেখান থেকে অনুরোধ আসবে, মাছ-ডিমের ব্যবস্থার সঙ্গে অতিরিক্ত কম্পার্টমেন্টে নিরামিষও করে দেবেন।’ এরপর তিনি বলেছেন, ‘ছ’লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২৫০ কোটি টাকা কেন্দ্র থেকে এনেছি। আড়াই লক্ষ গোষ্ঠীর অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠিয়েছি। ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি পৌঁছে যাবে। কেন্দ্রের সহযোগিতায় ৩০০টি মাইক্রো প্রজেক্টও এসেছে।’ এর পাশাপাশি নাবালিকা মা ও বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘আইন খুব কড়া। কিন্তু সব আইন দিয়ে হয় না। মা-বাবাদেরও বড়ো দায়িত্ব নিতে হয়। আমি মাতৃশক্তিকে বলব, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেবেন না।’