নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিবি জি রামজি বা ১২৫ দিনের কাজ প্রকল্পে দেশের মধ্যে একেবারে তলানিতে পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে মিশন মোডে কাজ চালু করার রূপরেখা তৈরি করেছে পঞ্চায়েত দপ্তর। এই রূপরেখাকে সামনে রেখে ডবল ইঞ্জিন বাংলায় কেন্দ্রীয় প্রকল্পে গতি আনতে এবার মাঠে নামছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, ৪ নভেম্বর সকাল ১১টায় বিধাননগরের পঞ্চায়েত ভবনে বড়োসড়ো প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তিনি। চলতি অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পে ৩০ কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা পূরণে একগুচ্ছ নতুন উদ্যোগের সূচনাও করবেন তিনি। এখনো
মাত্র ৫০ লক্ষ শ্রমদিবস তৈরি হয়েছে রাজ্যে। পাশাপাশি প্রকল্পের কাজের পথে থাকা সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের
নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। শুধু জেলা বা রাজ্য স্তরেই নয়, ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও স্তর পর্যন্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন করে তাঁদের সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী।
প্রকল্প রূপায়ণে কোথায় প্রশাসনিক বা পরিকাঠামোগত বাধা তৈরি হচ্ছে, তা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হবে। একইসঙ্গে মিশন মোডে কাজ করার রূপরেখাও তাঁদের কাছে তুলে ধরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কাজে গতি বাড়াতে নানা দপ্তরের সঙ্গে সমন্বয়ে ১২৫ দিনের কাজ করার বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ, আদর্শ পঞ্চায়েত ভবন নির্মাণ এবং পুকুর খননের মতো কাজ। বিভিন্ন দপ্তরের প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখে ভিবি জি রামজির আওতায় এই কাজগুলি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।



