Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী, বিপুল লগ্নির আশা

আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী, বিপুল লগ্নির আশা
  • ১৯ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছ’বছর পর আজ, সোমবার শিলিগুড়িতে বিজনেস সামিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীনবন্ধু মঞ্চে এই সামিট। প্রশাসন সূত্রে খবর, সামিটে ইথানল কারখানা, মাখনা, ভুট্টা প্রক্রিয়াকরণ, পর্যটন, শিল্পতালুক সহ কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেশ হতে পারে। আলোচনা হতে পারে শিলিগুড়ির ইকো সেনসেটিভ জোন নিয়ে জটিলতার কথা। শিল্প স্থাপন ও কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গ। নদী, পাহাড়, জঙ্গল, চা বাগান ঘেরা উত্তরবঙ্গে কৃষি নির্ভর শিল্প স্থাপনে অনেকদিন ধরেই তৎপর মুখ্যমন্ত্রী। ছ’বছর আগে দার্জিলিংয়ে বিজনেস সামিটে তিনি উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিলিগুড়িতে সভা হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী না থাকলেও মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবরা থাকতেন। যার মাধ্যমে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে কয়েকশ কোটির বিনিয়োগ হয়েছে। বণিক মহলের বক্তব্য, ২০১৮ সালে শৈল শহরের বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী ছিলেন। এবার সমতলে তিনি থাকছেন। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের লাভ হবে। আজ, কলকাতা থেকে বিমানে বাগডোগরায় আসবেন মুখ্যমন্ত্রী। দুপুরে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিটে যোগ দেবেন। এর আয়োজক এমএসএমই দপ্তর। রবিবার তারা জেলা প্রশাসন ও বণিক মহলকে নিয়ে প্রস্তুতি বৈঠক করে। মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শহর সাজানো হয়েছে। স্নিফার ডগ নিয়ে দীনবন্ধু মঞ্চ চত্বর সহ বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা রবিবার খতিয়ে দেখে পুলিস। 

Advertisement

তৃণমূলের দার্জিলিং জেলা চেয়ারম্যান ব্যবসায়ী সঞ্জয় টিবরেওয়াল বলেন, শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বামফ্রন্ট সরকার বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই এখানে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে জোয়ার এসেছে। জমি, ফায়ার লাইসেন্স সহ শিল্প স্থাপনে বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত ডিস্ট্রিক্ট লেভেল কমিটির মিটিং হয়। যার জেরে পাট, ভুট্টা, আসবাব, ফল প্রক্রিয়াকরণ প্রভৃতি শিল্প স্থাপন হচ্ছে। আগে কোনও মুখ্যমন্ত্রী এভাবে এগিয়ে আসেননি। 
বিজনেস মিটে কোচবিহার থেকে মালদহ পর্যন্ত আট জেলার উদ্যোগপতিরা থাকবেন। প্রশাসন সূত্রে খবর, মঞ্চে ৪০ জন উদ্যোগপতি থাকবেন। হোটেল, স্বনির্ভর গোষ্ঠীর মার্কেট সহ শপিংমল, ইথানল কারখানা, ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প, চার থেকে পাঁচটি শিল্পতালুক তৈরির প্রস্তাব দাখিল হবে। সবমিলিয়ে ক্ষুদ্র শিল্পে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার লোকের কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া হবে। মালদহের ব্যবসায়ী উজ্জ্বল সাহা বলেন, সভায় জেলা থেকেই ১২শো কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেশ হবে। সিআইআইয়ের উত্তরবঙ্গের চেয়ারম্যান প্রদীপ সিনহাল বলেন, শিল্প স্থাপনের একগুচ্ছ প্রস্তাব পেশের পাশাপাশি শিলিগুড়ি শহরের ইকো সেনসেটিভ জোনের সমস্যা নিয়ে আলোচনা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ