সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় বন্ধ হয়ে যাওয়া হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৯ নভেম্বর দীঘায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। তারপরই দীঘা-শংকরপুর উন্নয়ন সংস্থার(ডিএসডিএ) তরফে রাজ্যের পরিবহণ দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সড়কপথের পাশাপাশি পর্যটকরা যাতে আকাশপথেও দীঘায় বেড়াতে আসতে পারেন, সেই জন্য নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাছাড়া এর আগে দীঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন হেলিকপ্টার পরিষেবা চালু করার দাবিতে পরিবহণমন্ত্রী অর্জুন সিং ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষের কাছে চিঠি পাঠিয়েছিল। পর্যাপ্ত যাত্রী না মেলা সহ নানা কারণে ২০১৮সাল থেকে হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে পড়ে রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের শেষের দিকে পরিবহণ দপ্তরের উদ্যোগে দীঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হয়। নিউ দীঘার জাতিমাটি মৌজায় ডিএসডিএ’র নিজস্ব জায়গার উপর স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘পবনহংস’ সংস্থার সাত আসনের এই হেলিকপ্টারের মাথাপিছু ভাড়া ছিল দু’হাজার টাকা। প্রতি শনিবার যাত্রীদের নিয়ে বেহালা ফ্লাইং ক্লাব থেকে দীঘার উদ্দেশে উড়ে আসত হেলিকপ্টার। তারপর ওইদিনই যাত্রী নিয়ে বেহালায় ফিরে যেত। মোটামুটি চলছিলও পরিষেবাটি। কিন্তু, পরবর্তীকালে পরিষেবাটি একেবারে বন্ধ হয়ে যায়। তারপর তৃণমূল সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনো ভিআইপি দীঘা সফরে এলে এই হেলিপ্যাডটি ব্যবহার করা হত।
হেলিপ্যাডটি দেখাশোনা করে পূর্তদপ্তর। যদিও এখন হেলিপ্যাড ময়দান অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে গোরু-ছাগল চরে বেড়ায়। পাশাপাশি হেলিপ্যাড ময়দানে বুকিং অফিস কাম টিকিট কাউন্টারের অস্থায়ী ঘরও ভেঙে পড়ে রয়েছে। কিন্তু, কপ্টার পরিষেবা কেন চলল না? জানা গিয়েছে, একশ্রেণির পর্যটক প্রাইভেট গাড়িতে দীঘায় বেড়াতে আসেন। দীঘায় আসার জন্য পর্যাপ্ত ট্রেন রয়েছে। রয়েছে প্রচুর বাস পরিষেবা। সেক্ষেত্রে মোটা টাকা খরচ করে হেলিকপ্টার পরিষেবা নিতে অনেকেই চাননি। ফলে যাত্রী কমতে থাকে। আর হেলিকপ্টার পরিষেবা চালু রাখা বা খরচ চালাতে হলে যাত্রীদেরও নিয়মিত যাতায়াত করা প্রয়োজন। অর্থাৎ, পর্যাপ্ত যাত্রীর আসা-যাওয়া করা দরকার। কিন্তু, তা হয়নি। এটাই হেলিকপ্টার পরিষেবা বন্ধের অন্যতম কারণ।
দীঘার বাসিন্দা শিক্ষক শুভজিৎ জানা বলেন, হেলিকপ্টার পরিষেবা পুনরায় চালু করার উদ্যোগকে স্বাগত জানাই। আসন্ন পর্যটন মরশুমের কথা মাথায় রেখে দ্রুত এই পরিষেবা চালু করা হোক। দীঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, একশ্রেণির পর্যটক আছেন, যাঁরা হেলিকপ্টার চড়ে দীঘায় বেড়াতে আসতে পছন্দ করেন। তাছাড়া জগন্নাথ মন্দির চালু হওয়ার পর দীঘায় পর্যটন সমাগম বহুগুণ বেড়ে গিয়েছে। তাই আমরাও চাই, হেলিকপ্টার পরিষেবা পুনরায় চালু করা হোক। এব্যাপারে আমরা দুই মন্ত্রীর কাছে চিঠিও দিয়েছিলাম।
ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রতীক অশোক ধুমল বলেন, হেলিকপ্টার পরিষেবা দেবে পরিবহণ দপ্তর। কবে চলবে, ভাড়া কত হবে, সবকিছু ওরাই ঠিক করবে।



