নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে উদ্বিগ্নদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় ফেরার পথে বাগডোগরায় শুভেন্দু অধিকারী বলেন, যে ১ কোটি ৩০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন, তাঁদের বড়ো অংশ উত্তরবঙ্গের। ধূপগুড়ি এবং পুরাতন মালদহের ক্ষেত্রে যাঁরা জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন, তাঁদের কেউ কেউ এ মাসে বঞ্চিত হয়েছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, জুনে ২৮ লক্ষ মহিলা ওই টাকা পেয়েছিলেন। এবার আমি নিজেই ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার মহিলার টাকা ট্রান্সফার করেছি। পরে আরও পেয়েছেন। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন। এর মধ্যে পোর্টালে ২৬ হাজার নাম আপলোডের সময় ভুল হয়েছে। তবে চিন্তার কিছু নেই। যোগ্যরা টাকা পাবেন।



