Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গণনা প্রস্তুতি দেখতে আজ বাঁকুড়ায় মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ

গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, শুক্রবার বাঁকুড়ায় আসছেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল।

গণনা প্রস্তুতি দেখতে আজ বাঁকুড়ায় মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, শুক্রবার বাঁকুড়ায় আসছেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল। জঙ্গলমহলের অন্যান্য জেলার পাশাপাশি তিনি বাঁকুড়া ও বিষ্ণুপুরে স্ট্রংরুম ও গণনাকেন্দ্র পরিদর্শন করবেন। তার আগে গণনার প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রংরুম পরিদর্শন করেন। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও গণনার প্রস্তুতি নিতে শুরু করেছে। 

Advertisement

বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, পুরুলিয়ার পাশাপাশি মুখ্য নির্বাচনি আধিকারিক বাঁকুড়া ও বিষ্ণুপুরের গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখবেন। রাজনৈতিক দলের ক্যাম্প অফিসগুলি গণনা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে করতে বলা হয়েছে। আমরা এদিন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রংরুম ঘুরে দেখেছি। সবকিছু ঠিকঠাক রয়েছে। 
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে গণনার প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্স করবেন। দলের কাউন্টিং এজেন্টদের আমরা প্রশিক্ষণ দেব। গণনার ব্যাপারে দলের অন্দরে বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। 
বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, গণনা নিয়ে আমরা দফায় দফায় আলোচনা করছি। কাউন্টিং এজেন্টদের সঙ্গে দলীয় নেতৃত্ব বৈঠক করছে। প্রার্থীরাও গণনার প্রস্তুতি নিচ্ছেন। গণনার দিন কেন্দ্রের বাইরে থাকা ক্যাম্প অফিসে বিজেপি কর্মীরা সকাল থেকেই জড়ো হবেন। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার তিনটি মহকুমায় আলাদা আলাদা গণনা কেন্দ্র থাকছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সদর মহকুমার বাঁকুড়া, ছাতনা, শালতোড়া, ওন্দা ও বড়জোড়া বিধানসভার ভোট গণনা হবে। খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে রাইপুর, রানিবাঁধ ও তালডাংরা কেন্দ্রের ভোট গণনা করা হবে। বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওই মহকুমার বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী ও ইন্দাস বিধানসভার ভোট গণনা হবে। তিন জায়গার স্ট্রং রুমে ভোটগ্রহণের পর থেকে ইভিএমগুলিকে সুরক্ষিত জায়গায় প্রশাসন মজুত রেখেছে। বর্তমানে স্ট্রং রুম পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রংরুমের বাইরে রাজ্য সশস্ত্র পুলিশের তিনটি স্তর রয়েছে। স্ট্রংরুমে যাতে কেউ কারচুপি না করতে পারে তারজন্য দিনরাত সিসি ক্যামেরার নজরদারি থাকছে। সিসি ক্যামেরার ফুটেজ নির্দিষ্ট মনিটরে ২৪ ঘণ্টা সম্প্রচারিত হচ্ছে। সেখানে রাজনৈতিক দলের কর্মীরা নজর রাখছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার ভোট গণনার দিনেও টানটান উত্তেজনা থাকবে। যুযুধান দু’পক্ষ তৃণমূল ও বিজেপি-র ক্যাম্প অফিস গণনা কেন্দ্রের বাইরে থাকছে। সেখানে দু’দলেরই বহু নেতাকর্মী জড়ো হবেন। বিজয়ী পক্ষ যাতে বিরোধী শিবিরের উপর আক্রমণ না করতে পারে, তারজন্য প্রচুর বাহিনী মোতায়েন করা হবে। তেমন পরিস্থিতি হলে কেন্দ্রীয় বাহিনী দুই শিবিরের মাঝে কার্যত প্রাচীর গড়ে তুলতে পারে। 
 গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের নেতাকর্মীরা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ