সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গত দু’দিনে শহরের খুচরো বাজারে এর দাম এক ধাক্কায় ২০ শতাংশ বেড়েছে। যার ফলে মাথায় দাম মধ্যবিত্তের। সমস্যায় বিক্রেতারাও।
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গত দু’দিনে শহরের খুচরো বাজারে এর দাম এক ধাক্কায় ২০ শতাংশ বেড়েছে। যার ফলে মাথায় দাম মধ্যবিত্তের। সমস্যায় বিক্রেতারাও।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত মঙ্গলবার ময়নাগুড়ি বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০ টাকা কিলো দরে। বুধবার তা বেড়ে হয় ২২০ টাকা। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন। বেলাগাম মূল্যবৃদ্ধির কারণে ময়নাগুড়ির কর্মতীর্থ ভবনের মাংস বাজারে অন্যদিনের তুলনায় আজ ক্রেতাদের অনেক কম ভিড় চোখে পড়েছে। হঠাৎ চিকেনের দাম এক ধাক্কায় এত বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন খুচরো ব্যবসায়ীরাও। কিন্তু কেন দাম বাড়ছে, অন্ধকারে তাঁরাও। ব্যবসায়ী সুশান্ত মাঝি, শহিদুল ইসলাম বলেন, ‘ক্রেতারা চিকেনের দাম শুনে চমকে যাচ্ছেন। আমাদের থেকে জবাব চাইছে, কেন দাম বাড়ানো হয়েছে। কিন্তু আমরা ইচ্ছাকৃত দাম বাড়াইনি। বেশি দাম দিয়ে কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। সকাল থেকে ক্রেতাদের আমরা এটাই বোঝানোর চেষ্টা চলছে।’
চিকেনের দাম বাড়ায় সমস্যায় রেস্টুরেন্ট ও ছোট ছোট খাবারের দোকানের মালিকরাও। শহরে হোটেল আছে গোপাল ঘোষের। তিনি বলেন, ‘হঠাৎ ব্রয়লার মুরগির দাম বেড়ে গিয়েছে। কিন্তু আমরা হোটেলে তো আর দাম বাড়াতে পারবো না। বিরাট সমস্যার মুখে পড়তে হল।’
হঠাৎ মুরগির মাংসের দাম মাত্রাতিরিক্ত বাড়ার কারণ কী? এই ব্যবসার সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার মার্কেটিংয়ের দায়িত্বে থাকা মালবাজারের মনসুর আলীর দাবি, গত কয়েকদিনে ময়নাগুড়ি থেকে ভিন রাজ্যে, বিশেষত বিহারে, চিকেন রফতানি বেড়ে গিয়েছে। সে কারণেই বেড়েছে দাম।