ভাঁজ করা নরম তুলতুলে ভাপা বাওয়ের ভিতরে মাখন, মধু ও বিভিন্ন সসের স্বাদে তৈরি হরেক পুর। সঙ্গে লেটুস ও মেয়োনিজ। এই পদ বিকেলের জলখাবার কিংবা স্টার্টার হিসেবে জমে যায়। রেসিপি দিলেন চাওম্যানের প্রধান শেফ রামবাহাদুর বুধাঠোকি।
চিকেন বাও (৩ জনের জন্য)
উপকরণ: বাওয়ের ময়দা ২০০ গ্রাম, হাড়ছাড়া মুরগির মাংস ১০০ গ্রাম, তেল ২ চা চামচ, কুচনো আদা ৫ গ্রাম, কুচনো রসুন ৫ গ্রাম, মাখন ১ চা চামচ, মধু ১ চা চামচ, টম্যাটো সস ১ টেবিল চামচ, লংকার পেস্ট ২ চা চামচ, অয়েস্টার সস ১ চা চামচ, গাঢ় সয়া সস ১ চা চামচ, হালকা সয়া সস ১ চা চামচ, লেটুস পাতা ৩০ গ্রাম, শ্রীরাচা মেয়োনিজ ১ টেবিল চামচ, সাদা তিল এক চিমটে, কালো তিল এক চিমটে, ইচ্ছে করলে মাইক্রোগ্রিনস ৩ গ্রাম।
প্রণালী: বাওয়ের ময়দা সমান তিন ভাগে ভাগ করে প্রতিটি অংশ ডিম্বাকৃতি করে বেলে নিতে হবে। মাঝখান থেকে ভাঁজ করে ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর আঁচ বাড়িয়ে ৮-১০ মিনিট ভাপে সেদ্ধ করে নিতে হবে। বাও নরম ও তুলতুলে হলে নামিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে আদা ও রশুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। সুগন্ধ বের হলে মুরগির মাংস দিয়ে আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করতে হবে। মাংস সেদ্ধ হয়ে সোনালি রং ধরলে মাখন, লংকার পেস্ট, টম্যাটো সস, অয়েস্টার সস, গাঢ় ও হালকা সয়া সস এবং মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসের গায়ে সস মাখামাখি হয়ে চকচকে হলে সাদা ও কালো তিল ছড়িয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। ভাপে সেদ্ধ বাওয়ের ভিতরে শ্রীরাচা মেয়োনিজ মাখিয়ে লেটুস পাতা সাজিয়ে দিতে হবে। তার উপর চিকেনের পুর ভরে মাইক্রোগ্রিনস ছড়িয়ে পরিবেশন করুন।
ফিশ বাও (৩ জনের জন্য)
চেনা মাছের স্বাদে একটু অন্যরকম আয়োজন। মাছপ্রেমী বাঙালি চাইনিজ বাওয়ে মাছের পুর পছন্দ করে। তাই বাওয়ের পকেটে দিন ভেটকি বা বাসা।
উপকরণ: বাওয়ের ময়দা ২০০ গ্রাম, কাঁটাহীন ভেটকি বা বাসা মাছ ৫০ গ্রাম, ময়দা ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল ৫০ গ্রামের একটু কম, নুন এক চিমটে, চিনি এক চিমটে, টম্যাটো সস ২০ গ্রাম, লংকার পেস্ট ২ চা চামচ, এইট-টু-এইট সস ২ চা চামচ, হালকা সয়া সস আধ চা চামচ, কুকিং ওয়াইন চা চামচ, লেটুস পাতা ৩০ গ্রাম, শ্রীরাচা মেয়োনিজ ১ টেবিল চামচ, মাইক্রোগ্রিনস ৩ গ্রাম।
প্রণালী: বাওয়ের ময়দা সমান তিন ভাগে ভাগ করে প্রতিটি অংশ ডিমের আকারের মতো করে বেলে নিতে হবে। মাঝখান থেকে ভাঁজ করে ২০ মিনিট রেখে দিন। এরপর আঁচ বাড়িয়ে ৮-১০ মিনিট ভাপে সেদ্ধ করুন। নরম হয়ে গেলে নামিয়ে ঢাকা দিয়ে দিন। এবার মাছের টুকরোগুলিতে ময়দা, কর্নফ্লাওয়ার ও সামান্য নুন মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে মাছের টুকরোগুলি সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন।
অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে লংকার পেস্ট, টম্যাটো সস, এইট-টু-এইট সস, হালকা সয়া সস, ওয়াইন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সস তৈরি হলে ভেজে রাখা মাছ দিয়ে আলতো করে নাড়াচাড়া করতে হবে, যাতে প্রতিটি টুকরোয় সস ভালোভাবে লেগে যায়। এবার ভাপে সেদ্ধ বাওয়ের ভিতরে শ্রীরাচা মেয়োনিজ মাখিয়ে লেটুস পাতা সাজিয়ে দিতে হবে। তার মধ্যে সস মাখানো মাছের টুকরো ভরে মাইক্রোগ্রিনস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
বাওয়ের ডো তৈরি
চিকেন কিংবা ফিশ বাও তৈরির মূল উপকরণ নরম বাও। সঠিক উপকরণের পরিমাণ এবং ময়দা মাখার পদ্ধতি মেনে বাড়িতেই তৈরি করুন এই ময়দার তাল।
উপকরণ: ময়দা ১০০ গ্রাম, হালকা গরম দুধ ৫০ মিলিলিটার, চিনি ২ চা চামচ, ইনস্ট্যান্ট ইস্ট চা চামচ, বেকিং পাউডার চা চামচ, তেল ১ চা চামচ, নুন এক চিমটে।
প্রণালী: প্রথমে একটি পাত্রে হালকা গরম দুধ, চিনি ও ইস্ট মিশিয়ে ৫-১০ মিনিট রেখে দিতে হবে। মিশ্রণের উপর ফেনা তৈরি হলে বুঝতে হবে ইস্ট তৈরি হয়েছে। অন্য একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও নুন মিশিয়ে নিতে হবে। এবার তাতে ইস্ট মেশানো দুধ ও তেল দিয়ে ভালো করে মেখে মণ্ড তৈরি করতে হবে। ৮-১০ মিনিট মণ্ডটি মাখতে হবে, যাতে তা মসৃণ হয়। এরপর ভেজা কাপড় দিয়ে পাত্রটি ঢেকে ১ ঘণ্টা রেখে দিতে হবে। মণ্ড ফুলে দ্বিগুণ হয়ে গেলে হালকা হাতে চেপে ভিতরের বাতাস বের করে দিতে হবে। সমান তিন ভাগে ভাগ করে প্রতিটি অংশ ৫০-৬০ গ্রাম ওজনের করে নিতে হবে। এই দিয়েই তৈরি হবে বাও।



