Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চড়ুইভাতির আসরে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, উধাও মৃতের স্ত্রী

চড়ুইভাতির আসরে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, উধাও মৃতের স্ত্রী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এলাকায় পিকনিকের আসর বসেছিল। মদের আসরে বচসা থেকে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে এগরা শহরের দীঘামোড় এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম রবি সিং(৪০)। বৃহস্পতিবার সকালে দীঘামোড় সংলগ্ন ফাঁকা মাঠে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে মৃতের স্ত্রী সাবিত্রী এক যুবকের সঙ্গে উধাও হওয়ায় রহস্য দানা বেঁধেছে। এই ঘটনার পিছনে মৃতের স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের তত্ত্ব উঠে এসেছে। পিটিয়ে খুনের ষড়যন্ত্রে স্ত্রী যুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সকালে পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রবি দীঘামোড় সংলগ্ন কসবা-এগরা এলাকায় বসবাস করতেন। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। মৃতের মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহ থেকে কিছুটা দূরে একটি বাঁশ পড়ে থাকতে দেখা যায়। অনুমান, বাঁশ দিয়ে পেটানোর ফলে ওই যুবক মারা যান। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, মৃতের স্ত্রীর সঙ্গে এক যুবকের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। স্ত্রীর সহযোগিতাতেই রবিকে ওই যুবক পেটায় বলে অভিযোগ। তার জেরেই রবির মৃত্যু হয়েছে। তবে খুনের ঘটনায় একজন নাকি একাধিক ব্যক্তি যুক্ত তা এখনও পুলিসের কাছে পরিষ্কার নয়। স্থানীয় বাসিন্দা অজিত ওঝা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মৃতের স্ত্রী ও ওই যুবকের খোঁজে তল্লাশি চলছে। শহরের ১নম্বর ওয়ার্ডের দীঘামোড় সংলগ্ন কসবা-এগরা এলাকায় ফাঁকা মাঠে কয়েকটি আদিবাসী পরিবার বসবাস করে। কয়েক বছর ধরে সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন রবি। রাস্তার কাজ ছাড়াও দিনমজুরি করতেন। বুধবার রাতে একটি পিকনিকের আসর বসেছিল। খাওয়াদাওয়ার পাশাপাশি মদের আসরও বসানো হয় বলে অভিযোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ