Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীকে যৌন হেনস্তা, নবদ্বীপে ধৃত গৃহশিক্ষক

ছাত্রীকে যৌন হেনস্তা, নবদ্বীপে ধৃত গৃহশিক্ষক
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নবদ্বীপ প্রতাপনগর এলাকায়। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে অভিযুক্ত শিক্ষককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সোমবার ভোরে। ধৃতের নাম সুজিত ঘোষ। বাড়ি নবদ্বীপ প্রতাপনগর এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে থেকে ওই ছাত্রী নবদ্বীপ প্রতাপনগর এলাকায় অভিযুক্ত গৃহশিক্ষকের কাছে টিউশন পড়তে যেত। অভিযোগ, রবিবার সন্ধ্যায় পড়াশোনার পর ওই গৃহশিক্ষক তাকে যৌন হেনস্তা করে। পরে ওই ছাত্রী গোটা বিষয়টি তার মাকে জানায়। রবিবার রাতেই ছাত্রীর মা নবদ্বীপ থানায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। গভীর রাতে অভিযুক্ত গৃহশিক্ষককে  গ্রেপ্তার করা হয়।  ধৃত গৃহশিক্ষককে সোমবার কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠানো হয়। 
নিখোঁজ ছাত্রী উদ্ধার: নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকা নিখোঁজ নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করল পুলিস। সোমবার সকালে নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। নাবালিকাকে অপহরণের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম শিবম ঘোষ। বাড়ি নবদ্বীপ প্রতাপনগর এলাকায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় প্রাচীন মায়াপুর এলাকার ওই নাবালিকা দোকানে জিনিস কিনতে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তখন কোনও খোঁজ মেলেনি ওই নাবালিকার। পরে পরিবারের লোকজন জানতে পারে প্রতাপনগরের শিবম ঘোষ নামে এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে  অপহরণ করেছে। রাতে ওই নাবালিকার বাবা নবদ্বীপ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর পুলিস ঘটনার তদন্ত শুরু করে। সোমবার ভোররাতে নবদ্বীপ বাসস্ট্যান্ড থেকে পুলিস ওই নাবালিকাকে উদ্ধার করে। নাবালিকাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ