সংবাদদাতা, কাঁথি: স্কুলছাত্রী নাবালিকাকে উত্ত্যক্ত করা, সোশ্যাল মিডিয়ায় ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া সহ নানা অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল এগরা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সাগর জিৎ। তার বাড়ি এগরার অস্তিচক এলাকায়। ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর চোদ্দর ওই নাবালিকাকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক। তাকে বিয়ের প্রস্তাবও দেয়। তাতে রাজি না হওয়ায় তার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকী কয়েকদিন আগে হাত ধরে টানাটানি করে বলেও অভিযোগ। ঘটনার পর নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। পুলিস মামলা রুজু করে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে রবিবার গ্রেপ্তার করে।



