সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার পুরাতন মালদহ শহরের নবাবগঞ্জ বাঁশহাটে এক স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়ে স্থানীয় রোডে টোটো উল্টে জখম হন চালক সহ তিন যাত্রী। তাঁদের মধ্যে চালককে উদ্ধার করে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাবালিকা ছাত্রীটি পুরাতন মালদহ রোড পার হচ্ছিল। ওই সময় নবাবগঞ্জ যাবার পথে ছাত্রীটির সামনে টোটো চলে আসে। ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে চালক টোটোতে জোরে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। টোটোটি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন ৫০ বছর বয়সি চালকের মাথায় চোট লাগে। টোটোয় থাকা যাত্রীদের অল্প চোট লেগেছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, কারও মৃত্যু হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



