সংবাদদাতা, চাঁচল: খাদ্যমেলাকে ঘিরে উত্সবে মেতে উঠল মালদহের চাঁচলের রানি দাক্ষায়নি গার্লস হাইস্কুলের শিক্ষিকা ও পড়ুয়ারা। শুক্রবার স্কুলে খাদ্যউত্সবের আয়োজন করা হয়। এদিন নিজেদের হাতে তৈরি হরেক রকমের খাবার নিয়ে স্কুলে হাজির হয় ছাত্রীরা। তা কিনে খান শিক্ষিকারাও। ক্রেতা ছিলেন অভিভাবকরাও। তাঁরাও হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করেন। বিকেল পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এই উত্সব চলে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্টুডেন্ট উইক পালিত হচ্ছে প্রতিটি স্কুলে। সেই কর্মসূচিতেই রানি দাক্ষায়নি গার্লস স্কুল এদিন এই আয়োজন করে। উৎসবে স্টল দেয় ছাত্রীরাই। পাটিসাপটা, মালপোয়া, ফুচকা, পাপরি চাট, ধোকলা, পকোরা, মোমো, পাস্তা, ঝালমুড়ি, পান্তুয়া, ঘুগনি, গাজরের হালুয়া, উপমা, কেক-সহ নানা পদের সমাহার। ছিল ছাত্রীদের হাতের তৈরি গরম গরম চা-কফিও। স্কুলের নিউট্রিশনের শিক্ষিকা মধুরিমা শীলশর্মা জানান, মেলা শেষে সব বিক্রি হওয়ায় খুশিতে ডগমগ ছাত্রীরা। প্রতিটি পদই ছিল অসাধারণ।



