Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ শিক্ষকের, দুর্গাপুরের স্কুলে তুমুল বিক্ষোভ

ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ শিক্ষকের, দুর্গাপুরের স্কুলে তুমুল বিক্ষোভ
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: ছাত্রীদের শ্লীলতাহানি ও অশালীন আচরণের অভিযোগ উঠল দুর্গাপুর নেতাজি নগর কলোনি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার অভিযুক্তের শাস্তির দাবিতে মঙ্গলবার অভিভাবকরা স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা দেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিস আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক গত তিনমাস ধরে কুকীর্তি করে চলেছে। স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাঁদের দাবি, অবিলম্বে এই ঘটনার বিচার করতে হবে। পরে স্কুলের প্রধান শিক্ষককের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কর্মশিক্ষা বিভাগের শিক্ষক রেড ডিসেম্বর বন্দ্যোপাধ্যায় বলেন, ষষ্ঠ শ্রেণির কিছু ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করানো হয়েছে। আমি ষষ্ঠ শ্রেণির ক্লাসেই যাই না। এদিনও আমি স্কুলে গিয়েছিলাম। আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। প্রধান শিক্ষক গেটে লোকজন জড়ো করে রেখেছিলেন। স্কুলের অনিয়মের প্রতিবাদ করায় চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। প্রধান শিক্ষক আমাকে শোকজ করেছেন। আমি নির্দোষ। আমিও অভিযোগ করব। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, রেড ডিসেম্বর বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়েছে। অভিযোগ জেলা স্কুল পরিদর্শককে জানানো হয়েছে।
Advertisement
নির্যাতিতা ছাত্রীদের মায়েরা বলেন, অভিযুক্ত শিক্ষক বিগত বেশ কয়েকমাস ধরে ছাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে। আবার ওই ছাত্রীরা যাতে অভিভাবকদের না জানায় তারজন্য হুমকি দিচ্ছে। ভয় দেখাচ্ছে। আমাদের বিষয়টি জানাতেই আমরা প্রায় ১ মাস আগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে অভিযোগ জানাই। বহু ছাত্রীদের সাথে একই আচরণ করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা বলেন, ৯ সেপ্টেম্বর একজন শিক্ষকের বিরুদ্ধে প্রায় ২০ জন অভিভাবক অভিযোগ করেছিলেন। ওই অভিযোগ জেলা শিক্ষাদপ্তরে জানানো হয়। অভিযোগ পাওয়ার পর থেকে পুজোর ছুটি ছিল। এদিন স্কুল খুলতেই অভিভাবকরা বিক্ষোভ দেখান।
সম্পর্কিত সংবাদ