সংবাদদাতা, কাটোয়া: ‘স্কুল ফাঁকি’ রুখতে এবার ক্লাসে ডিজিটাল অ্যাটেনডেন্স চালু করতে চলেছে দাঁইহাট গার্লস স্কুল। ছাত্রীদের আইকার্ডে যুক্ত করা হচ্ছে কিউআর কোড। যার জন্য ব্যবহার করা হবে বিশেষ অ্যাপ। পড়ুয়ারা স্কুলে পৌঁছলেই মেসেজ চলে যাবে অভিভাবকদের মোবাইলে। এমনকী, স্কুল ছুটির সময়ও একইভাবে কাজ করবে প্রযুক্তি। সরকারি স্কুলের এই উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবক থেকে শিক্ষাবিদরা। স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ঘোষ বলেন, স্কুলে যাওয়ার নাম করে অনেকেই বাড়ি থেকে বের হয়। আবার স্কুল ছুটি হওয়ার পরে সবাই নিজের বাড়ি ফিরে যায়। এমন অভিযোগ আসতেই আমরা স্কুলে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করেছি।
Advertisement
স্কুল সূত্রে জানা গিয়েছে, ছাত্রীদের পরিচয়পত্রের পিছনেই কিউআর কোড দেওয়া থাকবে। ছাত্রীরা স্কুলে আসার পর গেট অথবা ক্লাস টিচার সেই কিউআর কোড স্ক্যান করে নেবেন মোবাইলে। আর সঙ্গে সঙ্গে সেই মেসেজ ছাত্রীর পরিবারের কাছে চলে যাবে। অভিভাবকরা বুঝতে পারবেন তাঁদের মেয়েরা সঠিক সময়ে স্কুলে গিয়েছে কি না। আবার স্কুল ছুটির সময়েও সেই মেসেজ চলে যাবে। ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষ থেকে এমন আধুনিক প্রযুক্তি চালু করতে চায় স্কুল কর্তৃপক্ষ। এজন্য তারা একটি বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে নতুন হাজিরা অ্যাপ তৈরি করিয়েছে। স্কুলের দাবি, প্রথম ধাপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের এমন কিউআর কোড দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য ক্লাসেও চালু করা হবে এমন প্রযুক্তি।দাঁইহাট গার্লস স্কুলের অশিক্ষক কর্মী সুদীপ্ত রায় বলেন, অনেকেই ফাঁকিবাজি শুরু করেছে। কেউ স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা আর স্কুলমুখী হয় না। আবার স্কুল ছুটির পর তারা বাড়ি ফিরে যায়। অভিভাবকরা স্কুলে তাঁর মেয়ে এসেছে কিনা জানতে আসেন। এটা বন্ধ করতেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। যুগ বদলেছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা মেয়েদের সুরক্ষার জন্যই এমন প্রযুক্তি কাজে লাগিয়েছি।



