Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীদের গতিবিধি জানান দেবে অ্যাপ, অভিনব উদ্যোগ বহরমপুর গার্লস কলেজের

ছাত্রীদের গতিবিধি জানান দেবে অ্যাপ, অভিনব উদ্যোগ বহরমপুর গার্লস কলেজের
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ছাত্রীরা কলেজ পালিয়ে কোথাও গেল কি না, বাড়িতে বসেই জানতে পারবেন অভিভাবকরা। ঘরের মেয়ে কলেজ থেকে কখন বের হল, কোথায় গেল, রাস্তাঘাটে কোনও বিপদে পড়ল কি না, সেসব সহজেই জানা যাবে এবার। কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের পড়াশোনা তো বটেই তাদের গতিবিধির উপর নজর রাখবে একটি অ্যাপ। কলেজ ছাত্রীদের আইডেন্টিটি কার্ডে থাকা বার কোড স্ক্যান করলেই অ্যাপের ট্র্যাকিং সিস্টেমে তাঁরা চলে আসবেন। ছাত্রীদের সুরক্ষায় এবং কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ নিল বহরমপুর গার্লস কলেজ। বুধবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল অ্যাপটির। নাম দেওয়া হয়েছে ‘বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ’। অ্যাপের মাধ্যমে একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করে সেখানে সংগৃহীত রাখা হবে কলেজের সমস্ত তথ্য। 
Advertisement
বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ হেনা সিনহা বলেন, কলেজের ছাত্রীদের উপস্থিতির সম্পূর্ণ তথ্য থাকবে অ্যাপে। স্মার্ট ফোনে এই অ্যাপ ইনস্টলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন অভিভাবকরা। অফিস ম্যানেজমেন্ট থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, কলেজের ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা ও কর্মী সংক্রান্ত প্রতিটি ডেটা থাকবে এই অ্যাপে। আমরা অত্যন্ত আনন্দিত, আপ্লুত। এরকম একটি অ্যাপ্লিকেশন কলেজকে উন্নততর জায়গায় নিয়ে যাবে। কলেজ ম্যানেজমেন্টের এই সুরাহাকারী অ্যাপ নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। কলেজ ছাত্রী পূজা রায় বলেন, এই অ্যাপটি আমাদের অনেক সুবিধা করে দেবে। কোন দিন কখন ক্লাস হবে, কোনও ক্লাস অফ থাকবে কি না, সেটা আগে ভাগে বোঝা যাবে। 
অ্যাপটি কীভাবে কাজ করবে তা নিয়ে এদিন সড়গড় হন কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা। বোঝানো হয় কীভাবে অ্যাপ ইনস্টল করার পর সেটা কাজ করবে। প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় খুঁটিনাটি বিষয়গুলি। কলেজের ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এবং কলেজের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কাজের মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এই অ্যাপ। সহজেই সব তথ্য কলেজ পড়ুয়া ও অভিভাবকদের হাতের নাগালে থাকবে। উল্লেখ্য, দু’বছর আগে এই গার্লস কলেজের পড়ুয়া সুতপা চৌধুরীকে খুন করা হয়। ভরসন্ধ্যায় শহরের বুকে এই ঘটনার পর ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। এই অ্যাপ উদ্বোধনের পর কলেজের ছাত্রীদের নিরাপত্তা অনেকটাই বাড়ল বলে মনে করছেন অভিভাবকরা।
সম্পর্কিত সংবাদ