Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীদের বিউটি পার্লারের কাজের প্রশিক্ষণ করিমপুরের কলেজে  

ছাত্রীদের বিউটি পার্লারের কাজের প্রশিক্ষণ করিমপুরের কলেজে
 
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: কলেজের শিক্ষার্থীদের স্বনির্ভর করে তুলতে হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছে জেলার সীমান্তবর্তী করিমপুরের পান্নাদেবী কলেজ। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রীদের বৃত্তিমূলক বিউটি পার্লারের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাইরে থেকে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এসে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Advertisement
এই কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রী নিম্নবিত্ত ও গরিব পরিবারের। পড়াশোনার পাশাপাশি তাঁদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের বিভিন্ন ক্লাসের ৫৩জন ছাত্রী এই কোর্সে নাম নথিভুক্ত করেছেন। গত কয়েকদিনে এই প্রশিক্ষণ নিতে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার থেকে প্রশিক্ষণ শুরু হয়ে শনিবার শেষ হচ্ছে। প্রশিক্ষণ শেষে কলেজের তরফে ছাত্রীদের শংসাপত্র দেওয়া হবে। কলেজের অধ্যাপক প্রসেনজিৎ সাহা বলেন, এখন পুঁথিগত শিক্ষার বাইরে এধরনের স্বনির্ভরতামূলক কোর্সকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। চাকরির জন্য পড়াশোনার সঙ্গে নিজেকে স্বনির্ভর করতে এরকম প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য খুব উপযোগী। কলেজের লাইব্রেরি বিভাগ ও কেরিয়ার কাউন্সেলিং সেলের যৌথ উদ্যোগে এই কোর্স করানো হচ্ছে। আমাদের আশা, এই প্রশিক্ষণ ছাত্রীদের নিজের পায়ে দাঁড়াতে খুব কাজে লাগবে। কর্মশালার প্রধান উদ্যোক্তা তথা কলেজের গ্রন্থাগারিক অধ্যাপিকা মিতা পাল বলেন, পাঁচদিনের প্রশিক্ষণ শিবিরে বিউটি পার্লারের ফেসিয়াল, মেনিকিওর, পেডিকিওর, হেয়ার কাটিং, স্পা, হেয়ার ট্রিটমেন্ট ও মেকআপের নানা কাজ শেখানো হচ্ছে। গরিব পরিবারের মেয়েদের কর্মমুখী করে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। 
সম্পর্কিত সংবাদ