সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট মেডিক্যালের ডাক্তারি পডুয়া মধুমিতা ঘোষের মৃত্যুর তদন্ত চেয়ে রাজ্যের চিফ সেক্রেটারিকে মেল করলেন অধ্যক্ষ। দিন কয়েক আগেই এই ছাত্রীর মৃত্যুর তদন্তের দাবিতে অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন কলেজের পডুয়ারা। অধ্যক্ষ করবী বড়াল বলেন, ফেরত তো কেউ আসবে না। কিন্তু মৃত্যুর কারণটা জানা দরকার। তাহলে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তা খেয়াল রাখতে পারবে প্রতিষ্ঠান। সেই সময়ে ইনস্টিটিউটের যা করণীয় বা পরিবারের প্রতি যে সহানুভূতি দেখানোর দরকার ছিল সেটা পর্যন্ত করা হয়নি বলে চিফ সেক্রেটারিকে পাঠানো মেলে উল্লেখ করা হয়েছে।
Advertisement
২০২০ সালের ২৬ জানুয়ারি রামপুরহাটে মেডিক্যালের চকমণ্ডলা হস্টেলের ঘর থেকে প্রথম বর্ষের ছাত্রী মধুমিতা ঘোষের (২০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ছাত্রীর বাবা চার সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ করেন। মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ দশ সদস্যর তদন্ত কমিটি গড়ে দেন। ব্যাস ওইটুকুই। নিয়মানুযায়ী, কোনও স্কুল বা কলেজে পডুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘটলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিসের কাছে অভিযোগ করা হয়। মধুমিতার মৃত্যুর ক্ষেত্রে তা করা হয়নি। এদিকে চার বছর পেরিয়ে গেলেও কমিটির কোনও রিপোর্ট এখনও মেডিক্যালে জমা পড়েনি। শুধুমাত্র অভিযুক্তদের বয়ান জমা দেওয়া হয়েছে। তাতে অভয়া আন্দোলনের মুখ অভিযুক্ত শাহবাজ শেখের সঙ্গে মৃত ছাত্রীর ‘রোমান্টিক’ সম্পর্ক ছিল বলে উল্লেখ করা হয়েছে। পড়ুয়াদের দাবি, অভিযুক্তদের বয়ানের মধ্যেই লুকিয়ে রয়েছে ছাত্রী মৃত্যুর আসল রহস্য। এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস চার অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। পুলিস সূত্রে খবর, এই ঘটনায় আদালতে চার্জশিট জমা পড়লেও এখনও চার্জ গঠন হয়নি। বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। শুধু তাই নয়, অভয়া মৃত্যুতে জাস্টিসের দাবিতে এই মেডিক্যালে আন্দোলনের প্রথম সারির মুখ এই অভিযুক্তরাই। মধুমিতার মৃত্যুতে অভিযুক্ত থেকে তদন্ত কমিটিতে যাঁরা ছিলেন, তাঁরাই অভয়ার বিচার চেয়ে আন্দোলনে নেমেছিলেন। তাহলে অভয়ার মতো এই ছাত্রীরও ‘জাস্টিস’ পাওয়ার অধিকার আছে। এই দাবিতে গত শনিবার অধ্যক্ষর কাছে গণ সাক্ষরিত স্মারকলিপি জমা দেন ছাত্রছাত্রীরা। মেডিক্যাল পডুয়াদের দাবি, নিয়মানুযায়ী এই ধরনের মৃত্যুতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের ময়নাতদন্ত করা উচিত। ময়নাতদন্তের রিপোর্টও অসম্পূর্ণ বলে দাবি পডুয়াদের। তাই প্রকৃত তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। সেই সঙ্গে মেডিক্যালের অধ্যক্ষের গড়ে দেওয়া তদন্ত কমিটির সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন পডুয়ারা। এরই মধ্যে এবার ওই ছাত্রীর মৃত্যর কারণ জানতে তদন্ত চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে মেল করলেন বর্তমান অধ্যক্ষ।
তিনি বলেন, অভয়ার যেমন বিচার চাইছি, তেমনি মধুমিতার মৃত্যুর কারণও সামনে আসা উচিত। এদিকে আগামী ২৬ জানুয়ারি মধুমিতার মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা।
তিনি বলেন, অভয়ার যেমন বিচার চাইছি, তেমনি মধুমিতার মৃত্যুর কারণও সামনে আসা উচিত। এদিকে আগামী ২৬ জানুয়ারি মধুমিতার মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা।



