Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছুটির দিনে সব্জির বাজার আগুন, দাম কমবে কবে? প্রশ্ন ক্রেতাদের

ছুটির দিনে সব্জির বাজার আগুন, দাম কমবে কবে? প্রশ্ন ক্রেতাদের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রশাসন মাঝেমধ্যেই অভিযান চালাচ্ছে। কিন্তু তাতেও কোনও সুরাহা হচ্ছে না ক্রেতাদের। দিনবাজার থেকে স্টেশন বাজার কিংবা ইন্দিরা কলোনি, রবিবার ছুটির দিনে জলপাইগুড়ি শহরের সব্জিবাজার ছিল রীতিমতো আগুন। জ্যোতি আলু এখনও সেই ৪০ টাকা কেজিতেই দাঁড়িয়ে। খারাপ মানের আলু কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। নতুন আলু ৬০ টাকা কেজি। পেঁয়াজ ৭০-৮০ টাকা, গাজর ১২০ টাকা, শসা ৮০ টাকা, পালংশাক ১০০, সিম ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। প্রতিটি মোচা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ক্রেতাদের একটাই প্রশ্ন, সব্জির দাম কমবে কবে? জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, আমরা প্রায়ই বাজারে হানা দিচ্ছি। কৃষি বিপণন দপ্তরকে রোজ বাজারে কী দরে সব্জি বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে।
Advertisement
৩০ নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার সময়সীমা। এখনও ১৫ শতাংশ আলু মজুত রয়েছে হিমঘরে। তারপরও বাজারে কীভাবে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। ক’দিন আগেই হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায়। বৈঠকের পর তিনি জানিয়ে দেন, বাজারে ২৮-৩০ টাকার বেশি কোনওমতেই আলু বিক্রি হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জেলা প্রশাসনের নির্দেশই সার। বারবার টাস্কফোর্সের অভিযানের পরও এতটুকু কমেনি সব্জির দাম। প্রশাসনিক আধিকারিকদের দেখলে বিক্রেতারা দাম একটু কমিয়ে বলছেন। তাঁরা বাজার ছাড়তেই ফের চড়া দামেই বিক্রি হচ্ছে সমস্ত সব্জি।
ক্রেতাদের অভিযোগ, প্রশাসন বারবার বলছে, সব্জির দোকানে রেট চার্ট ঝুলিয়ে দিতে হবে। কিন্তু কোনও দোকানদার তা করছেন না। পাইকারি দামের সঙ্গে খুচরো বাজারে দামের বড়সড় পার্থক্য থেকে যাচ্ছে। জলপাইগুড়িতে হোলসেল বাজারে লঙ্কার দাম যেখানে ৩০ টাকা কেজি, সেখানে খুচরো বাজারে কোথাও ৮০ টাকা, কোথাও ১০০ টাকা। ফুলকপি, বাঁধাকপি পাইকারি বাজারে ৩০ টাকা হলেও খুচরো বাজারে বিকোচ্ছে ৬০ টাকায়।
রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের অধীন সুফল বাংলায় অনেকটাই কম দামে সব্জি বিক্রি হওয়ার কথা। কিন্তু অভিযোগ, সুফল বাংলার যে স্টল রয়েছে, সেখানে বেশিরভাগ সব্জিই অমিল। ২৫ টাকা কেজি দরে আলু পাওয়া গেলেও তার মান ভালো নয়।
সম্পর্কিত সংবাদ