Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছুটির দিনে নরঘাট ব্রিজ সংলগ্ন হলদি নদী থেকে দেদার বালি তুলছে মাফিয়ারা  

ছুটির দিনে নরঘাট ব্রিজ সংলগ্ন হলদি নদী থেকে দেদার বালি তুলছে মাফিয়ারা
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
শ্রীকান্ত পড়্যা, নরঘাট: রবিবার ছুটির দিনে নরঘাট ব্রিজ সংলগ্ন হলদি নদী থেকে দেদার বালি তোলা হল। ছুটির দিনে প্রশাসন ও ভূমি দপ্তরের নজরদারি অন্যদিনের মতো থাকে না ধরে নিয়েই বালি মাফিয়ারা সকাল থেকে ‘অপারেশন’ শুরু করে। ব্রিজের সামনে চড়ায় নৌকা রেখে কোদাল, ঝুড়ি এনে বালি কেটে নৌকায় ভরে নদীবাঁধে গাড়িতে লোড করা হয়। নদীবাঁধে একাধিক গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি ভর্তি করার পর সেগুলি গন্তব্য‌স্থলে রওনা দেয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, ব্লক প্রশাসনকে এনিয়ে পদক্ষেপ নিতে বলেছি।
Advertisement
সম্প্রতি নরঘাট ও টেংরাখালি এলাকায় হলদি নদীতে বালি ও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে। নদী থেকে বালি তুলে গাড়িতে চাপিয়ে দ্রুত ১১৬বি জাতীয় সড়ক দিয়ে গন্তব্যস্থলে চলে যাচ্ছে। নন্দকুমার এবং চণ্ডীপুরের সংযোগকারী জায়গা নরঘাট। অপরদিকে, চণ্ডীপুর ও ময়না সংযোগকারী এলাকা ট্যাংরাখালি। নরঘাটে চণ্ডীপুরের দিক থেকে নৌকা হলদি নদীর মাঝে চড়ায় ঠেকিয়ে বালি কাটা হচ্ছিল। এদিন সকালে দেখা যায়, ট্যাংরাখালিতেও সেখানে ময়নার দিক থেকে নৌকা এনে নদী থেকে বালি তুলে ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে।  
নন্দকুমার ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসার এর আগে একাধিকবার হলদি নদীতে অভিযান চালিয়েছেন। বালি মাফিয়াদের সরঞ্জাম আটক করাও হয়েছে। থানায় এফআইআর দায়ের করেছেন ব্লক ভূমি অফিসার। তারপরও এই অবৈধ কাজে রাশ টানা যাচ্ছে না। তবে ছুটির দিনে বালি মাফিয়াদের দাপট বেশি হয়। কারণ, ছুটির দিনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কার্যত নেই বলে ধরে নেয় মাফিয়ারা। সেই সুযোগে দেদার বালি কেটে নেওয়া হচ্ছে।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রায় ২৬টি জায়গায় বৈধ বালিঘাট করার জন্য রাজ্যে চিঠি পাঠিয়েছে। ওইসব এলাকায় বালি চুরির প্রবণতা বেশি। বালি চুরিতে রাশ টানতে ওইসব জায়গাকে বৈধ বালিঘাট হিসেবে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এরফলে চুরি কমবে বলে প্রশাসন মনে করছে। এই জেলায় অবৈধভাবে বালি তোলার ঘটনা বেশি। সেইসব জায়গা চিহ্নিত করে বৈধ করার তোড়জোড় শুরু হয়েছে। তবে, বালি মাফিয়াদের সবচেয়ে বেশি পছন্দ হলদির বালি। সেজন্য নরঘাট থেকে হলদিয়াগামী নদীবাঁধ বরাবর হলদি থেকে বালি চুরির ঘটনা সবচেয়ে বেশি। ভোর থেকেই ট্যাংরাখালিতে হলদি নদীর উপর নৌকা জড়ো হয়। বালি তুলে নৌকায় ভর্তি করার পর সেইসব নৌকা ময়নার দিকে ফিরে যায়। স্থানীয়দের মত, প্রশাসনিক মদত ছাড়া এভাবে ধারাবাহিক চুরি অসম্ভব।
সম্পর্কিত সংবাদ