সংবাদদাতা, বাগডোগরা: ছটপুজো পেরিয়ে গিয়েছে একমাস হতে চলল। কিন্তু আজও নদীতে ভাসছে সারি সারি কলা গাছ। বাগডোগরার হুলিয়া নদীর বেহাল অবস্থা বর্তমানে। আগে থেকেই নদীটি বেহাল হয়ে পড়েছিল। দিনে দিনে নদীটি জীর্ণ হয়ে পড়ছে। এই নদীতে একাধিক এলাকায় দেখা যাচ্ছে নালার সংযোগ। ফলে নালার নোংরা জল সোজা গিয়ে মিশছে নদীতে। এতে যেমন নদী তার ভারসাম্য হারাচ্ছে, অন্যদিকে নদীতে থাকা মাছ থেকে জলজপ্রাণী মারা যাচ্ছে দিনপ্রতিদিন। এনিয়ে চিন্তিত পরিবেশবিদরা। স্থানীয় বাসিন্দা কলাবতী মাহাত জানান, নদী দূষিত হয়ে পড়েছে। এই নদীর জলে স্নান করলে চর্মরোগ দেখা দেবে। আমরা চাই, নদী পরিষ্কার করুক প্রশাসন। লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, সমস্ত ছটপুজো আয়োজককে বলে দেওয়া হয়েছিল পুজো শেষ হলে নদী পরিষ্কার করে দিতে হবে। কেউ কেউ করলেও এখন দেখা যাচ্ছে অনেকেই করেননি। আমরা তাঁদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।



