সংবাদদাতা, মেদিনীপুর: উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার খড়্গপুর শহরে ছটপুজো হল। এই পুজোকে কেন্দ্র করে এদিন সারা শহরে উৎসবের রূপ নেয়। দুপুর থেকে বিভিন্ন এলাকার ভক্তপ্রাণ মানুষ নানারকম বাজনা সহকারে শোভাযাত্রা করে জলাশয়ে যায়। মহিলা, পুরুষ সকলেই মাথায় করে পুজোর উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। অনেক রাস্তায় দীর্ঘ শোভাযাত্রা দেখতে ভিড়ও জমে। পুজো দিতে সবচেয়ে বেশি ভিড় হয় মন্দিরতলা পুকুরে। এছাড়াও ইন্দা, চৈতন্য আশ্রম, বিএনআর, ঝিনতলা, আয়মা, আরপিএফ পুকুরেও এদিন ছট পুজো হয়। সর্বত্রই ভক্তপ্রাণ মানুষের ঢল নামে। নিয়ম মতো এদিন বিভিন্ন জলাশয়ে সূর্যাস্তের সময় পুজো হয়। ফের আজ, শুক্রবার সূর্যোদয়ের সময় পুজো হবে। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ সকাল থেকে পুজো শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন জলাশয় ঘুরে দেখেন।



