Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছ’মাসের শিশুমৃত্যুতে চিকিৎসক ও নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ

ছ’মাসের শিশুমৃত্যুতে চিকিৎসক ও নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শিশুমৃত্যুতে চিকিৎসক ও শিলিগুড়ি শহরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার শহরে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার গভীর রাতে ছ’মাসের শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির লোকেরা একটি নার্সিংহোমে ভর্তি করে। শুক্রবার ভোরে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর বাড়ির লোকেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে চিকিৎসক দেখিয়ে নিয়ে যান। রাতে গুরুতর অসুস্থ হলে ওই চিকিৎসকের সঙ্গে কথা বলে নার্সিংহোমে ভর্তি করানো হয়। শিশুর আত্মীয় মনোজকুমার রায় বলেন, ভর্তি করার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত চিকিৎসক একবারও দেখতে আসেননি। জন্মের থেকে তিনিই দেখে আসছেন। সিসিইউ’তে ভর্তি করার কথা বলা হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ জেনারেল বেডে রেখে চিকিৎসা করেছে। বারবার ফোন করা হলেও ডাক্তারবাবু আসেননি। নার্সিংহোমের তরফে বলা হয় ডাক্তার না এলে তাদের করার কিছু নেই। সঠিক চিকিৎসা না পেয়ে বাচ্চাটা মারা গেল। মনোজবাবুর প্রশ্ন, চিকিৎসক যখন রাতে দেখতে আসতে পারবেন না তাহলে নার্সিংহোম কেন ভর্তি নিল? মৃত শিশুর পরিবারের লোকেরা ডাক্তার ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন।এদিকে, মৃত্যুর খবর পেয়ে সকালে নার্সিংহোমে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তাঁরা। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিস।‌ তারা পরিবারের লোকেদের কথা শোনে। পরিবারটি জানিয়েছে, থানায় অভিযোগ করা হবে। 
Advertisement
এদিকে, নার্সিংহোমে কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকই যা বলার বলবেন। অভিযুক্ত চিকিৎসক বলেন,শিশুর মৃত্যুতে আমিও শোকাহত। জন্মের থেকে বাচ্চাটিকে দেখে আসছি।  আমি নার্সিংহোমে না এলেও আরএমও আমার সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চিকিৎসা চালিয়ে গিয়েছেন। পাল্স রেট, অক্সিজেনের মাত্রা যাবতীয় প্যারামিটার খোঁজ নিয়ে দেখেছি। আমিও চাই, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তাহলেই সত্যটা বেরিয়ে আসবে।
সম্পর্কিত সংবাদ