সংবাদদাতা, কাটোয়া: ছিনতাইয়ের গল্প ফেঁদে মালিকের টাকা গায়েব করতে চেয়েছিল মোটরভ্যান চালক। শেষমেশ মঙ্গলকোট থানার পুলিসের হাতে ধরা পড়ে গেল যুবক। তার বাড়ি থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৬০ হাজার টাকা। একদিনের মধ্যেই পুলিস সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনার কিনারা করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গৌতম রায়। তার বাড়ি কাটোয়া থানার সুড্ডো গ্রামে। রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে দু’দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরভ্যান চালক গৌতম রায় কাটোয়া শহরের পাবনা কলোনির বাসিন্দা সঞ্জয় ভাস্করের চানাচুর কারখানায় কাজ করত। প্রতিদিন গৌতম তার মোটরভ্যানে চানাচুর নিয়ে কাটোয়া-বর্ধমান রোডে কৈচর, নিগন, সাঁওতা, বলগোনা এলাকায় সাপ্লাই করত। আর কাটোয়া ফেরার সময় নগদ টাকাও নিয়ে আসে। গত শুক্রবার গৌতম ১ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে ফিরছিল। সন্ধ্যা নাগাদ আচমকা সে তার মালিককে ফোনে জানায়, এক যুবক ওই টাকা ছিনতাই করে পালিয়েছে। সঞ্জয়বাবু শনিবার মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ জানান। এরপরেই পুলিস তদন্তে নামে। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। পুলিস বুঝতে পারে ছিনতাইয়ের কোনও ঘটনা ঘটেনি। এরপরেই গৌতমকে জিজ্ঞাসাবাদ করে। সে পুলিসি জেরায় স্বীকার করে লোভ সামলাতে না পেরে ওই টাকা নিজেই চুরি করে ছিনতাইয়ের নাটক করেছিল।



