Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছেলের চাকরির জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার আশাকর্মী

ছেলের চাকরির জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার আশাকর্মী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: জয়েন্ট বিডিও পরিচয়ে চাকরি দেওয়ার নামে কাঁকসার বনকাটি পঞ্চায়েতের তেলিপাড়া গ্রামের একজন আশাকর্মীর টাকা আত্মসাতের অভিযোগ উঠল। বর্ণালী রায় গঙ্গোপাধ্যায় নামে ওই আশাকর্মী কাঁকসা থানা ও সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন। আসানসোল- দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমনকুমার জয়সওয়াল বলেন, ব্লকের বিভিন্ন জায়গায় থানার পক্ষ থেকে নিয়মিত সচেতন ক্যাম্প করা হয়। ইদানিং প্রশাসনের আধিকারিকের নাম করে টাকা চাওয়া হচ্ছে। অজানা লিঙ্কে ক্লিক বা অচেনা কাউকে টাকা ট্রান্সফার না করার কথা বলা হচ্ছে।  
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তেলিপাড়া গ্রামের বাসিন্দা আশাকর্মী শম্পা সাহার কাছে সন্ধ্যা ৭টা নাগাদ একটি ফোন আসে। নিজেকে কাঁকসা ব্লকের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে ওই প্রতারক জানায় কাঁকসা ব্লকে সরকারি পদ খালি আছে। যদি এলাকার কোনও মেধাবী পড়ুয়া থাকে অবশ্যই যেন তার সঙ্গে যোগাযোগ করে। প্রতারক মেধাবী পড়ুয়াদের তার ফোন নম্বর দিতেও বলে। শম্পাদেবী বলেন, আমি বর্ণালীদেবীকে ফোন করে বিষয়টি জানাই। কারণ তাঁর ছেলে কম্পিউটার নিয়ে আসানসোলে পড়াশোনা করছে। প্রথমে তিন হাজার পরে আবার তিন হাজার টাকা পাঠানো হয়। 
বর্ণালীদেবী বলেন, আমার অ্যাকাউন্ট থেকে ছেলেকে টাকা দিই। ছেলে অনলাইনে টাকা পেমেন্ট করে। প্রথমে টাকা পেমেন্ট করার এক ঘণ্টা পর ফের তিন হাজার টাকা চাওয়া হয়। ছেলেকে বলা হয় আগামী ১৮ তারিখ পরীক্ষা হবে। পরে ট্রেনিংয়ে শিলিগুড়ি যেতে হবে। কিন্তু সেখানে থাকা খাওয়ার খরচ হিসাবে আরও তিন হাজার টাকা লাগবে। ফের তিন হাজার টাকা পাঠানো হয়।
এর কিছুক্ষণ পরই প্রতারক ছেলেকে আবার ফোন করে বলে আর একটি সুযোগ আছে। তবে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্যাঙ্ক ম্যানেজার পদে নিয়োগ করা হবে। সেজন্য আবার টাকা দিতে হবে। ছেলে টাকা দিতে অস্বীকার করে। পরের দিন বিডিও অফিসে দেখা করার কথাও বলা হয়। কিন্তু বোঝা যায় সবটাই প্রতারণা। বর্ণালীদেবী জানান, থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছি। স্থানীয় এক বাসিন্দা বলেন, বর্ণালীদেবীর স্বামী নেই। আশাকর্মীর রোজগার থেকেই ছেলেকে পড়াচ্ছেন। কাঁকসা থানার পুলিস জানিয়েছে, নিত্য নতুন প্রলোভন দেখিয়ে প্রতারকরা নানাভাবে মানুষকে ঠকাচ্ছে। তাই মানুষকে সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত সংবাদ