সংবাদদাতা, কাটোয়া: শনিবার দুপুরে কেতুগ্রামের ফুটিসাঁকোয় ছেলের বাইক থেকে পড়ে যাওয়ায় ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু হল। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে কান্দরা রামজীবনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতার নাম কাননবালা পাল(৪৫)। বাড়ি কেতুগ্রামের পাণ্ডুগ্রাম পালপাড়া এলাকায়। পাণ্ডুগ্রামের বাসিন্দা বাবলু পালের স্ত্রী কাননবালাদেবী শুক্রবার তাঁর বোনের বাড়ি গিয়েছিলেন। সঙ্গে তাঁর ছেলে কপিলেশ্বর পালও বাইক নিয়ে গিয়েছিলেন। এদিন বেলা ১১টা নাগাদ বীরভূমের কাঁড়ারপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে ছেলের সঙ্গে বাইকে চেপে ফিরছিলেন। ফুটিসাঁকো রোডে উঠতেই আচমকা বাইক থেকে পড়ে যান তিনি। বর্ধমানের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে।



