সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাত খরচের টাকা না দেওয়ায় মদ্যপ ছেলের মারধরে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল আলিপুরদুয়ারের ফোস্কারডাঙা গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অলকেশ ওরাওঁ (৬০)। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে প্রদীপ ওরাওঁকে গ্রেপ্তার করে ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ খেয়ে শুক্রবার রাত করে বাড়ি ফেরে প্রদীপ। বাড়ি ফিরেই বাবার কাছে হাত খরচের টাকা চায়। কিন্তু বৃদ্ধ টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, তখনই ছেলে জ্বালানী কাঠ দিয়ে বাবাকে বেদম মারধর করে। তাতেই তাঁর মৃত্যু হয়। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



