সংবাদদাতা, পুরুলিয়া: বর্ষবরণের রাতে পর্যটকদের জন্য কোথাও পুল পার্টি, কোথাও আবার রাতভর দেদার খাওয়া দাওয়ার আয়োজন করেছে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন হোটেল মালিক কর্তৃপক্ষ। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কোথাও আবার বাইরে থেকে আনা হচ্ছে নামীদামি শিল্পী, রেডিও জকিদের। কোথাও আবার ছৌ, ঝুমুরের তালেই নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন করেছেন হোটেল ও হোম স্টে কর্তৃপক্ষ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়দিনের পর থেকেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। নামী দামি হোটেলগুলিতে আগেই রুম বুকিং হয়ে গিয়েছে। ছোট হোটেল এবং হোম স্টেগুলিতেও বছর শেষে দিনগুলিতে রুম ভাড়া করতে গিয়ে ফিরে আসতে হচ্ছে অনেককেই। অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের বর্ষবরণের হই হুল্লোড়ে যাতে কোনও মতে খামতি না হয়, সেদিকে নজরে রেখে একাধিক হোটেল কর্তৃপক্ষ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। একাধিক হোটেলে আবার রবিবার থেকেই সেই অনুষ্ঠান শুরু হচ্ছে। পুরুলিয়া জেলা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহিত লাটা বলেন, এবারের পর্যটন মরশুমের শুরুর দিকে খানিকটা ভাটা গেলেও বড়দিনের পর থেকে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের বিপুল সংখ্যক উপস্থিতি চোখে পড়েছে। বড়দিনের পর থেকে নতুন বছরে শুরু পর্যন্ত রুমের চাহিদাও ব্যাপক রয়েছে। অধিকাংশ হোটেলে ৩১ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি রুম খালি নেই। তিনি আরও বলেন, বর্ষবরণের মুহূর্তটা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এক একটি হোটেলে এক এক রকম প্যাকেজের ব্যবস্থাও রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বড় হোটেলগুলিতে একদিকে যেমন নামীদামি শিল্পীদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তেমনি বিভিন্ন হোটেলে স্থানীয় শিল্পীদের দিয়েও অনুষ্ঠান করানো হবে। অযোধ্যা পাহাড়ে বড়দিনে নতুন হোটেল শুরু করেছেন স্থানীয় যুবক পতিত পাবন মুড়া। তিনি বলেন, পর্যটকদের ইচ্ছেমতো বর্ষবরণের সময় ছোট হোটেল এবং হোম স্টেগুলিতেও ছৌ নাচ ও আদিবাসী নাচের আয়োজন করেছে অনেকেই। যে সমস্ত পর্যটকরা ওই সময় হোটেল বুকিং করেছেন তাঁরা স্থানীয় কী ধরনের অনুষ্ঠান পছন্দ করেন, সে কথা মাথায় রেখে অনুষ্ঠানের আয়োজন করেছে একাধিক হোটেল কর্তৃপক্ষ। পর্যটকদের অনেকেই আদিবাসী নাচ এবং ছৌ ঝুমুরের তালে বর্ষবরণ করতে চাইছেন।