সংবাদদাতা, দিনহাটা: আজ, বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে মা ছিন্নমস্তার পুজো। বুধবার সাহেবগঞ্জের সীমান্ত গ্রামে তাই দিনভর ছিল প্রস্তুতি তুঙ্গে। এ বছর এই পুজো ৪৮তম বর্ষে পড়ল। প্রতিবছর এই পুজোকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। বৈধ পরিচয়পত্র দেখিয়ে কাঁটাতারের গেট পেরিয়ে মন্দিরে পৌঁছতে হয় ভক্তদের। বিশেষ তিথির এই পুজোয় সারারাত খোলা থাকে কাঁটাতারের গেট। রাতভর পুজো, ধর্মীয় অনুষ্ঠান হয়। ভোরে বিতরণ করা হয় প্রসাদ।
সীমান্ত এলাকা হওয়ায় বিএসএফের পাশাপাশি সাহেবগঞ্জ থানার পুলিশের কড়া নিরাপত্তায় থাকে সীমান্ত এলাকায়। পরিচয়পত্র যাচাই করেই কাঁটাতার পেরিয়ে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এবারও পুজো হচ্ছে। কাঁটাতারের ওপারে হওয়ায় আগে ভারতের পাশাপাশি বাংলাদেশের অনেক ভক্ত কৌশিকী অমাবস্যায় ছিন্নমস্তা মন্দিরের পুজো দিতে আসলেও এখন অবশ্য সীমান্তের কড়া নিরাপত্তা থাকায় বাংলাদেশের কেউ আসেন না।
স্থানীয়দের বিশ্বাস, ছিন্নমস্তা মা অত্যন্ত জাগ্রত। আশির দশকে খরার সময় পুজো শুরু হওয়ার পর প্রবল বৃষ্টি হয়েছিল বলে কথিত রয়েছে। সেই থেকে চলে আসছে এই পুজো। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নিম্নঅসম এমনকী কলকাতা থেকেও কালী ভক্তরা আসেন মায়ের দর্শনে।
পুজো কমিটির সম্পাদক মনা সাহা বলেন, প্রতিবছর নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়। সারারাত ধরে এবারও পুজো হবে। এই পুজোতে বলি প্রথা রয়েছে। ভোর থেকে প্রসাদ বিতরণ শুরু হবে। কাঁটাতার পেরিয়ে মন্দিরে যেতে সঙ্গে অবশ্যই নিয়ে আসতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যানকার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো যেকোনও একটি পরিচয়পত্র। • ফাইল চিত্র।